• জিন্স কারখানার বয়লার ফেটে তুলকালাম, কাজের মধ্যেই প্রাণ গেল নিরীহ শ্রমিকের
    News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আসুতি কালিতলা থানার চট্টা ফোর্ট এলাকায় অবস্থিত একটি জিন্স তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম অশোক শহীস (৪০)। বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানায় কাজ চলাকালীন আচমকাই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হন অশোক শহীস।

    ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে আসুতি কালিতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা করা হচ্ছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কারখানার সমস্ত শ্রমিককে বাইরে বের করে দেওয়া হয় এবং গোটা কারখানাটি সিল করে দেয় পুলিশ। ঠিক কী কারণে বয়লার বিস্ফোরণ ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

    কারখানাটিতে নিরাপত্তা বিধি ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় চট্টা ফোর্ট ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছে। গোটা ঘটনাটি কেন ঘটল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ওই কারখানায় যখন কাজ চলছিল তখন বয়লার অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল কিনা অথবা শ্রমিকদের গাফলতি ছিল কিনা তাও দেখা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)