• 'বার্থ-ডে পার্টি'তে কাটা হল কেক, প্রিয় পথকুকুরের জন্মদিনে এলাহি আয়োজন! কী উপহার পেল বাঘা?
    News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
  • বাঘার জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ, সোদপুরে পথকুকুরের নামে হল রক্তদান শিবির। নাম তার ‘বাঘ’। তবে সে কোনও বনের হিংস্র প্রাণী নয়, সোদপুরের সুখচর বাজার এলাকার পরিচিত এক পথকুকুর। স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যন্ত প্রিয় এই পথকুকুরের জন্মদিন উপলক্ষে এক অভিনব সামাজিক উদ্যোগের সাক্ষী থাকল সোদপুর। সুখচর বাজারে একটি সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল একটি রক্তদান শিবির। রক্তদানের এই উদ্যোগই যেন ছিল বাঘার জন্মদিনের উপহার।

    অনুষ্ঠানের সূচনায় ‘বাঘা’-র জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। এরপর শুরু হয় রক্তদান কর্মসূচি। আয়োজকদের বক্তব্য, পথ কুকুরদের প্রতি ভালবাসা ও মানবসেবার বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতা ও উদ্যোক্তাদের উৎসাহ দেন সোদপুর ট্রাফিক গার্ডের আধিকারিক কুমারেশ ঘোষ, সমাজসেবী কিশোর কর, অলিভিয়া বন্দ্যোপাধ্যায়, ঝর্ণা মণ্ডল-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও পশুপ্রেমী বিজয় সাউ জানান, ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে সোদপুর পর্যন্ত এলাকার পথকুকুরদের নিয়মিত খাবার দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের দেখভালের কাজ করে চলেছেন তিনি।

    তাঁর কথায়, আমাদের একটাই আবেদন, কেউ যদি পথকুকুরকে খাবার দিতে না-ও পারেন, অন্তত তাদের ওপর অত্যাচার করবেন না। ওরাও এই সমাজেরই একটি অংশ। স্থানীয়দের মতে, পথ কুকুরদের সাহায্যের পাশাপাশি রক্তদানের মাধ্যমে মানবসেবার মতো মহৎ উদ্যোগকে এক সুতোয় বেঁধে যেন এই এক অনন্য নজির তৈরি করেছেন। বহু পশুপ্রেমী এবং সাধারণ মানুষ বাঘার জন্মদিনের আনন্দে মেতে ওঠেন। এমন উদ্যোগ আগামী দিনে আরও বহু মানুষকে ভালবাসতে শেখাবে বলেই মনে করছেন অনেকে।

    সানিয়ার বাসিন্দা অরূপ চৌধুরীর কথায়, প্রতিদিন নিয়ম করে শতাধিক পথককুরদের খেতে দেন উনি। ওরাও উনাকে দেখলেই ছুটে আসে। একটু দেরি হলেই অপেক্ষা করেন এই অবলা প্রাণীগুলি। আমিও মাঝে মাঝে ওদের খেতে দেই। তাঁর কথায়, সব মানুষই ওদের একটু যদি দেখভাল করে, তাহলে ওরাও ওদের সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করে।
  • Link to this news (News18 বাংলা)