NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। সফল হয়েছে তারা। তাদের আন্দোলনের চাপেই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। তবে আন্দোলনকারীদের কিছু ভাইরাল ভিডিয়ো নিয়ে তীব্র আপত্তি জানিয়ে তাঁদের আচরণের সমালোচনা করলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা সমাজমাধ্যমে ককরোচদের আন্দোলনের বেশ কিছু ভিডিয়ো তুলে ধরেন। তাঁর অভিযোগ, প্রতিবাদের নামে কিছু তরুণ-তরুণীর আচরণ অত্যন্ত অশালীন এবং তা দেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কঙ্গনা বলেন, ‘আমি জীবনে কোনওদিন এক জায়গায় এত কদর্যতা দেখিনি।…এ সব দেখে বমি উঠে আসছে’ তাঁর মতে, কোনও দাবির পক্ষে আন্দোলন হলেও তার প্রকাশভঙ্গি শালীন হওয়া উচিত।
ককরোচদের আন্দোলনের কয়েকজনের ভঙ্গিমা ও মুখের ভাষা নিয়ে আপত্তি তুলেছেন কঙ্গনা। তাঁর বক্তব্য, ‘সবকিছুই যেন একযোগে অত্যন্ত কর্কশ ও কুরুচিপূর্ণ। উফফ... কারা এদের জন্ম দিচ্ছে আর বড় করছে?’
কঙ্গনার সংযোজন, ‘আপনারা নিজেদের আরশোলা বলে অভিহিত করেন এবং দেখতে ও আচরণেও আপনারা ঠিক তাদের মতোই। এর মধ্যে কোনও আপাত-বিরোধ বা বৈপরীত্য নেই। বরং আপনারা কেবল আপনাদের নোংরামি, আবর্জনা ও কদর্যতা দিয়েই পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছেন।’
NEET পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের পর থেকেই পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি তুলেছে। বিষয়টি সংসদেও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। সোমবার পরীক্ষা ব্যবস্থায় বদল আনতে এবং প্রশ্নফাঁস ও পরীক্ষায় সংগঠিত জালিয়াতির বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নতুন বিল এনেছে সরকার।
তবে প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিরোধীরা মনস্থির করে ফেলেছে , যতক্ষণ না তারা আসনে বসছে, বিষয়গুলো যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, তারা সংসদকে কাজ করতে দেবে না। বিরোধী দলের সাংসদরা পরীক্ষা সংস্কার বিল উত্থাপনেরও বিরোধিতা করেছেন।’
১. ককরোচ জনতা পার্টির আন্দোলন কী নিয়ে ছিল?
NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে ককরোচ জনতা পার্টি আন্দোলন শুরু করেছিল।
২. কঙ্গনা রানাওয়াত কেন ককরোচদের আন্দোলনের সমালোচনা করেছেন?
আন্দোলনকারীদের কিছু ভাইরাল ভিডিয়োয় ব্যবহৃত ভাষা, ভঙ্গিমা ও আচরণকে অশালীন এবং কুরুচিপূর্ণ বলে মনে হওয়ায় কঙ্গনা সমালোচনা করেছেন।
৩. কঙ্গনা আন্দোলনকারীদের নিয়ে কী মন্তব্য করেছেন?
কঙ্গনা বলেন, তাঁদের কিছু ভিডিয়ো দেখে তাঁর ‘বমি উঠে আসছে’। আন্দোলনকারীদের ভাষা ও আচরণ নিয়েও তিনি তীব্র আপত্তি প্রকাশ করেন।
৪. NEET ইস্যুতে বিরোধীদের অবস্থান কী?
NEET প্রশ্নপত্র ফাঁসের পর বিরোধীরা পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে।