লাদাখে ফিরছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে সেখানে ফিরে যাওয়ার আগে সোমবার রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। এ দিনই গুরুগ্রামে হাসপাতাল থেকে ছাড়া পান এই সমাজকর্মী ও শিক্ষাবিদ। হাসপাতাল ছাড়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা দেন তিনি।
দিল্লিতে অনশন
শিক্ষায় দুর্নীতি, নিট (NEET)-এর প্রশ্নফাঁসের প্রতিবাদ জানিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখায় ককরোচ জনতা পার্টি। পড়ুয়াদের ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। গত ১৮ জুলাই তাঁকে জোর করে দিল্লির সফদরজং হাসপাতালে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তার পরেও অবশ্য অনশন চালিয়ে যান ওয়াংচুক। পরে তাঁকে নিয়ে যাওয়া গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। টানা ২৬ দিন অনশন করেন তিনি।
প্রধানমন্ত্রীর বার্তা
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের হাত থেকে পানীয় নিয়ে অনশন ভঙ্গ করেন সোনম ওয়াংচুক। পড়ুয়াদের দাবি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার বিষয়ে কেন্দ্রের কাছ থেকে আশ্বাস পাওয়ায় পরেই অনশন প্রত্যাহার করেন তিনি। তবে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অনশন করার সময়ে তাঁর ওজন কমেছে প্রায় ১১ কেজি। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং হারানো ওজন ফিরে পান সেই কামনা করে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে চিকিৎসকের দেওয়া নির্দেশ মেনে চলার জন্যও তাঁকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
হাসপাতাল থেকে মুক্তি
সোমবার গুরুগ্রামের হাসপাতাল থেকে ছাড়া হয় শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক-কে। গুরুগ্রামের হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার আগে বার্তাও দেন তিনি। লাদাখ ফিরে যাওয়ার আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। গান্ধীজীর দেখানো পথ ১০০ বছর পরেও প্রাসঙ্গিক তা উপলদ্ধি করেছেন বলেও জানিয়েছেন এই সমাজকর্মী। এখন স্বাস্থ্য আগের তুলনায় ভালো আছে বলেও জানিয়েছে সোনম ওয়াংচুক। এখন তিনি ধীরে ধীরে খেতে পারছেন এবং শরীর ‘এনার্জি’ ফিরে পাচ্ছেন বলেও জানান তিনি। অনশন আন্দোলন চলার সময়ে যাঁরা তাঁকে সমর্থন করেছিলেন তাঁদেরকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানাতে ভোলেননি ওই হাসপাতালের চিকিৎসক এবং কর্মীদের।
আন্দোলন প্রত্যাহার
পড়ুয়াদের দাবি মেনে গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সোনম ওয়াংচুক। তবে দেশ গড়ার জন্য শিক্ষাক্ষেত্রে সংস্কার জরুরি বলেও জানান তিনি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ পরেই ২০ জুন থেকে শুরু হওয়া আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করে ককরোচ জনতা পার্টি। অন দিকে, প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষাক্ষেত্র এবং নিট পরীক্ষায় সংস্কার আনার জন্য নন্দন নিলেকানির নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করার কথাও জানিয়েছেন তিনি।
এক নজরে:
FAQ
কোথা থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক?
সোমবার গুরুগ্রামে মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক।
কী হয়েছিল তাঁর?
দিল্লির যন্তর মন্তরে অনশন শুরুর পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে ৫৯ বছর বয়সি সোনম ওয়াংচুককে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে।
কবে অনশন প্রত্যাহার করেন তিনি?
কেন্দ্রের কাছ থেকে উপযুক্ত আশ্বাস পাওয়ার পরে গত বৃহস্পতিবার রাতে টানা ২৬ দিনের অনশন প্রত্যাহার করেন সোনম ওয়াংচুক।
এখন কেমন আছেন?
অনশন করার সময়ে তাঁর ওজন ১১ কেজি কমে যায়। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং হারানো ওজন ফিরে পান সেই কামনা করে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন সোনম ওয়াংচুক।