মোরাদাবাদ: উত্তরপ্রদেশের নির্বাচন আসলে লোকসভার সেমি ফাইনাল। দেশের রাজনৈতিক মহল এমনটাই বলে থাকে। বছর ঘুরলেই যোগীরাজ্যে বিধানসভা ভোট। এবারও মূল লড়াই যোগী আদিত্যনাথ বনাম অখিলেশ যাদবের। নির্বাচনের আগে একাধিক সমীকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে। এরইমধ্যে সমাজাবাদী পার্টির প্রধানকে জোটের প্রস্তাব দিলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। বিষয়টি প্রকাশ্যে আসতেই দু’পক্ষকে কটাক্ষ করেছে বিজেপি। পদ্ম শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার তোপ, ‘অখিলেশ যাদব ও ওয়েইসি দু’জনেই তোষণে সিদ্ধহস্ত। আজ ওরা কৌন বনেগা বড়া ভাইজানের লড়াই ছেড়ে একজোট হয়ে ভাইজান হওয়ার কথা বলছে। তাই অখিলেশজিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন ওয়েইসি। দু’জনে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।’
শনিবার মোরাদাবাদের একটি সভা থেকে ওয়েইসি বলেন, ‘মজলিশ চায় না উত্তরপ্রদেশে ফের সরকার গড়ুক বিজেপি। আমি হাত মেলাতে প্রস্তুত। জোট গড়তে প্রস্তুত। এখনই আলোচনার সময়। ভোট পেরিয়ে গেলে আর কান্নাকাটি করে লাভ হবে না।’ এখানেই না থেমে হায়দরাবাদের সাংসদ বলেন, ‘আপনারা বলেন যে, ওয়েইসি ভোটে লড়লে আপনাদের ক্ষতি হয়। আমি আপনাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। আমাদের এই লড়াই সম্মান আর ন্যায়বিচারের জন্য। আমরা মাদুরে বসে থাকতে চাই না। আমরা ঐক্য চাই। অখিলেশ চেয়ারে বসলে ওয়েইসি তার সামনে বসে অধিকার আর ন্যায়ের কথা বলবে।’ শেষমেশ কোনদিকে যাবেন সপা প্রধান? উত্তরের অপেক্ষায় ওয়াকিবহাল মহল।- ফাইল চিত্র