• বিমানের কার্গো হোল্ডে আচমকাই ধোঁয়া, পাইলটের তৎপরতায় তড়িঘড়ি জরুরি অবতরণ
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • মুম্বই, ২৭ জুলাই: দুবাইগামী বিমানে আচমকাই ধোঁয়া। আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। তড়িঘড়ি গুজরাতের রাজকোট এয়ারপোর্টে জরুরি অবতরণ করল বিমান। জানা গিয়েছে, ইন্ডিগোর বিমান ৬ই ১৪৫২ মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। তাতে ছিলেন ১৯৪ জন যাত্রী। এরপর প্লেনের কার্গো হোল্ড অর্থাৎ যেখানে মালপত্র রাখা থাকে সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিপদ বুঝে রাজকোট এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। দুর্ঘটনার আশঙ্কায় রাজকোট বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় দমকল বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং পুলিশ বাহিনীকে। কিন্তু শেষমেশ সুরক্ষিত ভাবেই বিমানটি রাজকোট এয়ারপোর্টে অবতরণ করে।

    বর্তমানে ওই বিমানের সকল যাত্রী এবং ক্রু মেম্বাররা সুস্থ রয়েছেন। অন্যদিকে, ঠিক কী কারণে কার্গো হোল্ডে ওই ধোঁয়া সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একটি দল বিমানের ওই স্থল ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। এই ঘটনায় রাজকোট বিমানবন্দরের অধিকর্তা দিগন্ত বোরহা জানিয়েছেন, প্লেনের কার্গো হোল্ডে ধোঁয়া দেখতে পাওয়ার পরই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিমানটি নিরাপদেই নেমেছে। সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। উল্লেখ্য, এর আগে হায়দরাবাদ থেকে চণ্ডীগড়গামী একটি ইন্ডিগোর বিমানে আচমকাই এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক ফেটে গিয়েছিল। তার ফলেই বিমানের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। 
  • Link to this news (বর্তমান)