নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আজ একদিনের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানে বাগডোগরা পৌঁছানোর পর হেলিকপ্টারে দুপুর সাড়ে ১২ টা নাগাদ জলপাইগুড়িতে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামেন। সেখান থেকে সড়কপথে যান জলপাইগুড়ির জেলাশাসকের কার্যালয়ে। সেখানে প্রশাসনিক বৈঠক হয়। সিকিমের নামচিতে সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এই কর্মসূচি সেরে কপ্টারে মুখ্যমন্ত্রী যান ময়নাগুড়ির জল্পেশ শিবমন্দিরে। সেখানে শ্রাবণী মেলা চলছে। লক্ষ লক্ষ ভক্ত সমাগম। পুজো দেন মুখ্যমন্ত্রী। তারকেশ্বরের মতো জল্পেশেও কপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। তবে আজ সকাল থেকে আকাশ মেঘলা ছিল। ফলে কপ্টার থেকে পুষ্পবৃষ্টি শেষপর্যন্ত সম্ভব হবে কি না তা নিয়ে প্রথমে সংশয় দেখা দিয়েছিল। জল্পেশ মেলা গ্রাউন্ডে মঞ্চ করা হয়ে। সেখানে সভায় যোগ দেন মুখ্যমন্ত্রীর। এরপর উত্তরকন্যায় যান তিনি। সেখানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় ফেরার পথে শিলিগুড়ি পৌঁছে বর্ধমান রোডের ফ্লাইওভার উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যা ঘিরে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত।