• শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ডিমবৃষ্টির মুখে বীরভূমের হেভি ওয়েট তৃণমূল নেতা
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: ডিমবৃষ্টি। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃনমূল নেতা-কর্মীদের উপর ক্ষোভ উগড়ে দেওয়ার নতুন ট্রেন্ড বেছে নিয়েছে বিক্ষোভকারীরা। শুরুটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। তারপর থেকেই এই ধারাবাহিকতা বজায় থেকেছে তাঁরা।  বাদ যায়নি রাজ্য তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রীরা। তালিকায় ছিল সুজিত বসু, জয়প্রকাশ মজুমদার, কুনাল ঘোষও। এবার রেহাই মিললনা বীরভূমের কাজল শেখেরও। 

    সোমবার সাতসকালে শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি। সোমবার সকালে নানুরের বাসাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি চোর স্লোগানও দিতে থাকেন। মুহূর্তের মধ্যেই বাড়ে উত্তেজনার পারদ। 

    জানা গিয়েছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজল শেখ ও বিধান চন্দ্র মাঝি বাসাপাড়ার শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে পৌঁছন। তাঁরা শহিদ বেদি চত্বরে প্রবেশ করতেই গাড়ি এবং মঞ্চ লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগাম সতর্কতা হিসেবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। ডিম ছোড়ার ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এই ঘটনার পর কাজল শেখ বলেন, 'যারা ডিম ছুড়েছে, তাদের কোনওদিন রাজনীতিতে দেখিনি। তারা সমাজবিরোধী। শহীদ বেদী ও শহীদ মঞ্চকে অসম্মান করেছে।'
  • Link to this news (বর্তমান)