উন্নয়নের কাজে জমি দিতেই হবে, ‘অনিচ্ছুকদের’ বার্তা বিজেপি বিধায়কের
বর্তমান | ২৭ জুলাই ২০২৬
সংবাদদাতা, খড়্গপুর: জমি জটে আটকে আছে ডেবরার ট্যাবাগেড়িয়া সেতু। আপাতত কাঁসাই নদীর উপর ভাসাপুল তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে সেতুর প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর নবনির্বাচিত বিজেপি বিধায়ক শুভাশিস ওম।
ইতিমধ্যেই জমির মালিকদের কাছ থেকে এনওসি নেওয়ার জন্য শিবির করা হচ্ছে। সোমবার বিকেলে ট্যাবাগেড়িয়াতে সেই শিবিরে গিয়ে বিধায়ক বলেন, ‘এটা বিজেপির সরকার। তৃণমূল সরকার নয়। আগামীদিনে সরকারের সুনির্দিষ্ট ল্যান্ড পলিসি আসছে। উন্নয়নের কাজে আপনাদের জমি দিতেই হবে। সেটা সেতু হোক বা কলকারাখানা। যেখানে অনেকের স্বার্থ জড়িয়ে আছে, সেখানে আপনি জমি দেব না বললে হবে না!’
বিডিও প্রিয়ব্রত রাঢ়ি বলেন, ‘আমরা শিবির করছি। ৮০ শতাংশ ইচ্ছুক জমিদাতা পাওয়া গেলেই ট্যাবাগেড়িয়া সেতুর পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে। আমরা আশাবাদী সেটা পাওয়া যাবে।’