নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও পারিবারিক পেনশন অনুমোদন প্রক্রিয়া এবার অনলাইনে ‘পেপারলেস’ পদ্ধতিতে শুরু হতে চলেছে। রাজ্য অর্থদপ্তর এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে পেনশন অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও মসৃণ হবে। পেনশন দ্রুত চালু করার নির্দিষ্ট প্রক্রিয়া আগেভাগেই শুরু হয়ে যায়। তা সত্ত্বেও নানা জটিলতায় অনেক ক্ষেত্রেই পেনশন চালু হতে দেরি হয়। বিষয়টি নিয়ে পিএজির তরফে অতীতে একাধিকবার রাজ্য অর্থদপ্তররের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।
পেনশন অনুমোদন প্রক্রিয়ায় গতি আনতে পিএজি অফিস ‘পেনশন সিস্টেম অটোমেশান ইনিশিয়েটিভ পোর্টাল’ তৈরি করেছে। অর্থদপ্তররের আইএফএমএস মডিউলের এইচআরএমএস সাব মডিউলের সঙ্গে পিএজি অফিসের বিশেষ মডিউলটির সমন্বয় করা হয়েছে। এর মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীর ই-সার্ভিস বুকসহ প্রয়োজনীয় নথি ডিজিটাল সইসহ অনলাইনে পাঠানো হবে। আপাতত ফিজিক্যাল কপিও যাবে। তবে নতুন ব্যবস্থা মসৃণভাবে চালুর পর নথি পাঠানো হবে শুধুমাত্র অনলাইনে। পিএজি অফিস সেসব যাচাই করে অনলাইনে ডিজিটাল সইসহ পেনশন অনুমোদনের তিনটি প্রয়োজনীয় নথি পাঠাবে। তার ভিত্তিতে শুরু হবে পেনশনের টাকা ছাড়া। এর গাইডলাইন করে দিয়েছে অর্থদপ্তর।