বালি ব্রিজে চলবে মেরামতি, আজ থেকে নিবেদিতা সেতু দিয়ে চলবে ৩০টি রুটের বাস
বর্তমান | ২৭ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালি ব্রিজের ডেক স্ল্যাবের জরুরি মেরামতির জন্য ৫৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যাপ্রোচ রোডে হাইট বার বসাবে পূর্তদপ্তর। সেই কারণে আজ, সোমবার থেকে বদলে যাচ্ছে একাধিক বাসের রুট। আপাতত দক্ষিণেশ্বর থেকে দিল্লি রোড ও বম্বে রোডগামী ৩০টি স্থানীয় বাসরুটের কয়েকশো বাস বালি ব্রিজের পরিবর্তে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করবে। তবে অন্যান্য যানবাহন আগের মতোই বালি ব্রিজ ব্যবহার করতে পারবে। ইতিমধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নিবেদিতা সেতু ব্যবহার ও টোল মকুবের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।
পূর্তদপ্তরের রিপোর্ট অনুযায়ী, মানুষের নিরাপত্তার স্বার্থেই বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতুতে তৎপরতার সঙ্গে কিছু মেরামতি করতে হবে। ওই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই ৫৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে হাইট বার বসানো হচ্ছে। জেলা প্রশসেনের দাবি, এর ফলে ৩০টি বাসরুটের পরিষেবা প্রভাবিত হবে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে পূর্তদপ্তর, হাওড়া ট্রাফিক পুলিশ, বাস মালিক সংগঠন ইতিমধ্যে দু’দফা সমন্বয় বৈঠক এবং যৌথ পরিদর্শন করেছে। জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে তিনটি আবেদন রাখা হয়েছিল। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত (প্রাথমিকভাবে ধরা হয়েছে ৪৫ দিন) দক্ষিণেশ্বর বা ডানলপের দিক থেকে বম্বে রোড ও দিল্লি রোডের দিকে যাওয়া বাসগুলিকে নিবেদিতা সেতু দিয়ে চলাচলের অনুমতি দিতে হবে। এই বাসগুলির টোল মকুব করতে হবে এবং বালি হল্ট স্টেশনের সমান্তরালে জাতীয় সড়কের সীমানার একটি অংশে যাত্রীদের বাসে ওঠানামার সুযোগ দিতে হবে। তিনটি আবেদনেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্মতি দিয়েছে বলে খবর। তার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, বালির দিক থেকে যে বাসগুলি বালি হল্ট, বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে, সেগুলি স্বাভাবিক রুটেই চলাচল করবে। অন্যান্য চারচাকা ছোটো গাড়ি ও বাইক বালি ব্রিজ ব্যবহার করতে পারবে আগের মতোই।
বালি ব্রিজ ট্রাফিক গার্ডের তরফে আরও জানানো হয়েছে, বালি হল্ট স্টেশন থেকে জাতীয় সড়কে উঠে বাস ধরতে যাতে নিত্যযাত্রীদের কোনো অসুবিধা না হয়, তা বিশেষভাবে নজরে রাখা হবে। ‘অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি’র জেলা সাধারণ সম্পাদক সঞ্জীবকুমার পাত্র বলেন, ‘ব্রিজে মেরামতির কাজ তো আর ফেলে রাখা যাবে না। তাই সাময়িকভাবে বাসগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে।’