• টোটোয় বাইকের ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে মৃত্যু শিশুর
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: টোটোর পিছনে বাইকের ধাক্কা। তাতে টোটোয় বসে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দেড় মাসের কন্যাসন্তানের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালীতলা (পুরাতন বনগাঁ) এলাকায় বনগাঁ-রামনগর সড়কে। এদিন সকালে দেড় মাসের মেয়ে বৃষ্টিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পূজা ঘোষ। সঙ্গে ছিলেন পূজার মা। চিকিৎসক দেখিয়ে ফেরার সময় নিজের বাড়িতে চলে যান পূজার মা। টোটো করে মেয়েকে নিয়ে একাই ফিরছিলেন পূজা। কালীতলা ব্যাংক মোড় এলাকায় বাড়ির সামনে মেন রাস্তায় টোটো ঘোরানোর সময় মায়ের কোলেই ছিল ছোট্ট মেয়েটি। সেই সময় আংরাইলের দিক থেকে একটি বাইক টোটোর পিছনে ধাক্কা দেয়। এতে টোটোটি নিয়ন্ত্রণ হারায়। তখনই মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের শিশু। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনায় শিশুর কান, নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। গুরুতর জখম অবস্থায় তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    কালীতলা ব্যাংক মোড় এলাকার বাসিন্দা রাম ঘোষ ও পূজা ঘোষের দুই কন্যাসন্তান। রাম দিনমজুরের কাজ করেন। বড় মেয়ের বয়স সাত বছর। ছোট মেয়ে বৃষ্টি মাত্র দেড় মাসের শিশু। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে অসুস্থ হয়েছিল বৃষ্টি। গতকালও তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এদিনও মা ও দিদার সাথে চিকিৎসকের কাছে গিয়েছিল বৃষ্টি। ফেরার সময় এই ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় ওই যুবক দ্রুতগতিতে বাইক চালিয়ে আংরাইলের দিক থেকে আসছিলেন। তখন টোটোচালক বাঁ দিক থেকে হঠাৎ ডান দিকে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। এলাকার একটি লেদে কাজ করতেন ওই যুবক। অভিযোগ লেদ মালিকের বাইক না বলেই নিয়ে বেরিয়েছিলেন তিনি। এই দুর্ঘটনায় জখম হয়েছেন বাইকচালক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর টোটো ও বাইকটি আটক করেছে বনগাঁ থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)