• বীর শহিদদের পরিবার নিয়েই উদযাপন কার্গিল বিজয় দিবস
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি বারাসত ও সংবাদদাতা, কাকদ্বীপ: কার্গিল বিজয় দিবসে কাকদ্বীপের বাসিন্দা শহিদ বীর জওয়ান জয়কৃষ্ণ পণ্ডাকে শ্রদ্ধা জানালেন অবসরপ্রাপ্ত সেনারা। জয়কৃষ্ণ পণ্ডা ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন। এছাড়াও এদিন কাকদ্বীপ মহকুমার আরও পাঁচ শহিদ বীর জওয়ান অম্লান দাস, মোহন শিট, তপন জানা, বিশ্বজিৎ ঘোড়াই ও সমিত মাইতির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। রবিবার কাকদ্বীপ বাসস্ট্যান্ডে অবসরপ্রাপ্ত সেনাদের সংগঠন কাকদ্বীপ এক্স সার্ভিসম্যান কমিউনিটির উদ্যোগে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। এদিন স্থানীয় স্কুলগুলির পড়ুয়ারা প্রভাতফেরিতে অংশ নেয়। এরপর বীর শহিদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি শহিদ পরিবারকেও সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ উপকূলরক্ষী বাহিনীর আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    এ বিষয়ে সংগঠনের সম্পাদক তথা অবসরপ্রাপ্ত জওয়ান বিশ্বজিৎ পাত্র বলেন, ‘কাকদ্বীপে প্রথম কার্গিল বিজয় উৎসব উদযাপন করা হল। এই অনুষ্ঠানে বীর শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়। তাঁদের ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের আহ্বানও জানানো হয়েছে।’ এদিকে, এদিন কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে যুবমোর্চার বারাসত সাংগঠনিক জেলার ডাকে মধ্যমগ্রামের দোলতলা থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত বাইক র‌্যালি হয়। এই র‌্যালির নেতৃত্বে ছিলেন যুবমোর্চার সভাপতি শুভঙ্কর সেন।
  • Link to this news (বর্তমান)