• সপরিবারে ইউরোপ ট্যুরের বুকিং সাড়ে ৫ লক্ষ টাকা প্রতারণার শিকার
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্বপ্নের ইউরোপ ট্যুর! সপরিবারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অনলাইনে বিজ্ঞাপন দেখে বুকিংও করেছিলেন তিনি। সল্টলেকে ওই ভ্রমণসংস্থার অফিসও ছিল। হোটেল বুকিং, বিমানের টিকিট, ভিসার খরচের জন্য সাড়ে ৫ লক্ষ টাকার বেশি তিনি জমাও দিয়েছিলেন। কিন্তু টাকা দেওয়ার পরেও ইউরোপ ট্যুরে নিয়ে যাওয়া হয়নি তাঁদের। এমনকি, টাকাও ফিরিয়ে দেওয়া হয়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে হাওড়ার ওই পরিবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করেছে পুলিশ।

    তাদের সূত্রে জানা গিয়েছে, অনলাইন বিজ্ঞাপন দেখেই তাঁরা ওই ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনজনের যাওয়ার কথা ছিল। এক মহিলা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাঁর ইউ টিউব চ্যানেলে ওই ভ্রমণ সংস্থাকে ‘ভালো’এবং ‘নিরাপদ’ বলে আশ্বস্ত করেছিলেন। ফোনেই ওই ভ্রমণ সংস্থার সঙ্গে বেশ কয়েকবার তাঁদের কথাবার্তা হয়। সংস্থার পক্ষ থেকে ইউরোপ ভ্রমণের বিশেষ ভিসা, হোটেল বুকিং, ইউরোপ মহাদেশের মধ্যে যাতায়াত এবং ভারত থেকে ইউরোপে যাতায়াতের বিমান টিকিটের বিষয়ে সমস্ত কিছু জানানো হয়। তারপর তারাই জানায়, সল্টলেকে তাদের অফিসও রয়েছে।

    সংস্থার কথা মতো ৫ লক্ষ ৬৯ হাজার টাকা দিয়ে দিয়েছিল ওই পরিবার। ইউরোপ ট্যুরের কিছুদিন আগে ওই ভ্রমণ সংস্থার পক্ষ থেকে তাঁদের জানানো হয়, তাঁদের ভিসা হবে না। তাই ইউরোপ ট্যুরের সম্ভাবনা নেই। এমনকি, বিমানের টিকিট সহ অন্যান্য খরচের টাকাও ফেরত দেওয়া সম্ভব নয়। তখন সংস্থার প্রতিনিধিরা তাঁদের জোরাজুরি করতে থাকে ইউরোপের বদলে মিডল-ইস্টে বেড়াতে যেতে। তার জন্য আরও কিছু টাকা দেওয়ার জন্য জোরাজুরি চলে। ইতিমধ্যে হাওড়ার ওই বাসিন্দারা বুঝতে পারেন যে প্রতারকদের খপ্পরে পড়েছেন। এরপর সল্টলেকে ওই সংস্থার অফিসে যান। গিয়ে দেখেন, অফিস বন্ধ। তারপরই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। যাবতীয় নথিপত্র পুলিশের কাছে জমা পড়েছে। 
  • Link to this news (বর্তমান)