আজকাল ওয়েবডেস্ক: ধর্মতলায় ককরোচ জনতা পার্টি এবং বাম ছাত্র সংগঠনের মিছিলে গণ্ডগোল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই আন্দোলনের পাল্টা সোমবার পথে নেমেছে বিজেপি।
এদিন ‘তিরঙ্গা যাত্রা’ হিসেবে জোড়া মিছিলে নেমেছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে, শুক্রবারের মিছিলে ধর্মতলায় গণ্ডগোলের জেরে ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিকদের মারধর, পুলিশকে জুতো-বোতল ছোঁড়া, অশান্তি তৈরির অভিযোগে গুন্ডাদমন আইন প্রয়োগের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার, শুক্রবারের মিছিল নিয়ে বামফ্রন্টকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
তাঁর সাফ হুঁশিয়ারি, ‘আপনাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদের এদের থেকে দূরে রাখুন। সেদিন যেটা হয়েছিল সেটা আর যাই হোক, কোনও ছাত্র আন্দোলন ছিল না। আমরা তো প্রথমেও বলেছি, আবার বলছি।’
শমীক বলেন, ‘দেখুন বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যেকোনও রাজনৈতিক দলের আছে। কিন্তু সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ মানুষের ওপর আক্রমণ, দোকান ভাঙচুর করা। এটা কি ধরনের রাজনীতি?’
বিজেপি নেতার কড়া জবাব, ‘যেকোনও ধরনের আন্দোলন চলতে পারে, কিন্তু তাতে গন্ডগোল করলে পুলিশ বেশ ভাল করে আদর করে দেবে।’