• পেপসি, রেড বুল, মনস্টারকে বলা যাবে না ‘এনার্জি ড্রিঙ্ক’! নির্দেশ কেন্দ্রের
    প্রতিদিন | ২৮ জুলাই ২০২৬
  • পেপসি, রেড বুল ও মনস্টার-সহ শীর্ষস্থানীয় পানীয় প্রস্তুতকারক সংস্থাগুলি আর তাদের পণ্যকে ‘এনার্জি ড্রিঙ্ক’ বলে উল্লেখ করতে পারবে না। দেশের খাদ্য সুরক্ষা ও নিয়ন্ত্রক সংস্থা এফএসএসআই-এর তরফে এমনটাই জানানো হয়েছে। উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয়গুলি সম্পর্কে যে দাবি করা হচ্ছে, তা ভুল বলেই জানানো হয়েছে। এমন নির্দেশে ‘সিঁদুরে মেঘ’ দেখছে সংস্থাগুলি, দাবি ওয়াকিবহাল মহলের।

    জানা গিয়েছে, পেপসিকো (স্টিং, অ্যাড্রেনালিন রাশ), রেড বুল, রিলায়েন্স (ক্যাম্পা এনার্জি – গোল্ড বুস্ট), মনস্টার এনার্জি, হেল এনার্জির মতো পানীয়তে আর ‘এনার্জি ড্রিঙ্ক’ বলা যাবে না বলে জানানো হয়েছে। তাদের পণ্যের মোড়ক ও লেবেল পরিবর্তন করার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে। সেই সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে দেশে কোনও এমন পানীয় বা ক্যাটাগরি নেই, যাকে এই তকমা দেওয়া যায়। অথচ এই ধরনের পানীয়তে ‘শরীর ও মনে শক্তি জোগায়’ বা ‘শারীরিক দুর্বলতায় উপকারী’ ধরনের বিভ্রান্তিকর দাবি করা হয়।

    এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে, এর ফলে ওই পানীয়র বাজার রাতারাতি পড়ে যেতে পারে। সংস্থাগুলির আশঙ্কা, পরিচিত বিবরণ সরিয়ে নিয়ে ব্র্যান্ডটির বিক্রি ও ভাবমূর্তি দুই-ই মার খাবে। বেশ কিছু বড় সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ইন্ডিয়ান বেভারেজ অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, তারা নিয়মকানুন মেনে চলতে এবং বিজ্ঞান-ভিত্তিক নীতিমালার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

    এদিকে ৬ জুলাই এফএসএসএআই-এর কাছে পাঠানো এক গোপন চিঠিতে সংগঠনটির তরফে সতর্ক করে বলেছে, প্রাথমিক নোটিসগুলি জনসমক্ষে প্রকাশ করা হলে তা সংস্থাগুলির সুনাম ক্ষুণ্ণ করতে পারে এবং উপভোক্তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
  • Link to this news (প্রতিদিন)