• অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী, নিট প্রশ্নফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালতের শুনানি মুলতবি
    প্রতিদিন | ২৮ জুলাই ২০২৬
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত নিষ্পত্তি করা হবে নিট প্রশ্নফাঁস মামলা। যদিও সোমবার ফাস্ট ট্র্যাক আদালতে নিট প্রশ্নপত্র ফাঁস মামলার প্রথম দিনের কার্যক্রম বিলম্বিত হল। যেহেতু সিবিআই পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না এজলাসে। এদিন বিশেষ বিচারক অনু গ্রোভার বালিগার ফাস্ট ট্রাক আদালতে দীনেশ বিওয়াল ও বিকাশ বিওয়ালের জামিন আবেদনের শুনানি ছিল। যদিও সময় মতো সেখানে উপস্থিত হননি সরকারি পক্ষ তথা সিবিআইয়ের আইনজীবী। এরপরেই মামলা মুলতুবি হয়ে যায়।

    এদিন বেশ খানিকটা সময় অপেক্ষার পর বিশেষ বিচারক অনু গ্রোভারের পর্যবেক্ষণ, জামিনের আবেদনের বিষয়ে শুনানির জন্য সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সরকার পক্ষের কেউ উপস্থিত হননি। এই অবস্থায় রোহিনী জেলা আদালতে অন্য একটি মামলা তালিকাভুক্ত থাকার কথা উল্লেখ করে বিবাদী পক্ষের আইনজীবী অন্য কোনও দিন শুনানির আবেদন জানান। আদালত পরবর্তী শুনানির জন্য ৩ আগস্ট দিনটিকে ধার্য করে।

    ককরোচ জনতা পার্টি তথা পড়ুয়াদের সমস্ত দাবি মেনে নিয়েছে সরকার। ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তারপরও নাছোড়। নতুন করে ফের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুধু তাই নয়, গত শুক্রবার ধর্মতলায় ‘আরশোলা’ বিক্ষোভের নামে যারা ভাঙচুর চালিয়েছে, পুলিশ-সাংবাদিকদের নিগ্রহ করল সেই দুষ্কৃতীদেরই পাশে দাঁড়াল সিজেপি। অন্যদিকে, তারা তাদের ‘দলে’র একটি তহবিল গঠন করার কথাও জানিয়েছে। আর এই ‘অরাজনৈতিক আরশোলা’কে ১ কোটি টাকা দান করার কথা ঘোষণা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল।

    উল্লেখ্য, পরীক্ষা দুর্নীতি রুখতে ‘পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ আনার কথা বলেছে সরকার। ওই সংশোধনী বিলে বলা হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের ১০ বছরের কারাদণ্ড হবে, সেই সঙ্গে করা হবে ১০ কোটি টাকা জরিমানা। যদিও বিরোধীদের বক্তব্য, আইন সংশোধন করে প্রশ্নফাঁস আটকানো সম্ভব নয়, সরাতে হবে দুর্নীতিগ্রস্তদের।  
  • Link to this news (প্রতিদিন)