শ্রাবণ মাস চলছে। আজ দ্বিতীয় সোমবার। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে বিশেষ ব্রত পালন করছেন অনেকেই। সোমবার নজর কাড়লেন দুর্গাপুরের অন্ডালের এক যুবক। শিবের আশীর্বাদ পেতে পেরেকের উপর দিয়ে দণ্ডি কেটে শিবমন্দিরে পৌঁছলেন তিনি।
ব্যাপারটা ঠিক কী? দুর্গাপুরের অন্ডালের বাসিন্দা ওই যুবক। তাঁর নাম বিজয় বাউরি। নীলকণ্ঠের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে কঠোর ব্রত পালন করছেন ওই যুবক। এদিন ২০ কিলোমিটার দণ্ডি কেটে শিবমন্দিরে যান তিনি। তবে তাঁর দণ্ডি কিন্তু আর পাঁচজনের মতো নয়। দেখা যায়, একটি রবারের ‘বিছানার’ মতো বস্তু। তার উপরে গোঁজা অজস্র পেরেক। সেই পেরেকের ‘বিছানা’ রাস্তায় পেতে তাঁর উপর দণ্ডি কাটছেন যুবক। তাঁকে দেখতে রাস্তার পাশে ভিড় জমান স্থানীয়রা। কেউ কেউ আবার ক্যামেরায় ভিডিও-ও করেন।
কিন্তু এভাবে দণ্ডি কাটার সিদ্ধান্ত কেন? বিজয় বলেন, “দীর্ঘদিনের একটি মনস্কামনা পূরণের উদ্দেশ্যেই আমি এই কঠিন পথে হাঁটছি। আমার মনস্কামনা পূরণ হবে কি না জানি না। তবে আমি বিশ্বাস করি মহাদেব আমার সঙ্গে আছে।” উল্লেখ্য, সনাতন ধর্মে শ্রাবণ মাসের সোমবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে, এই দিন ভক্তিভরে শিবের পুজো করলেই নাকি পুণ্যলাভ হয়। সমস্ত বাধাবিপত্তি কেটে আরও মসৃণ হয় জীবনের পথচলা। তবে শ্রাবণ মাসের সোমবার শুধু পূজার্চনা করলেই হয় না। এদিন খাওয়াদাওয়ার ক্ষেত্রেও বিশেষ নিয়ম মানা প্রয়োজন।