• ছাত্রছাত্রীদের উপরে পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগ, SIT গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে মনোজ ঝা
    এই সময় | ২৮ জুলাই ২০২৬
  • NEET প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন RJD-র রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা। প্রতিবাদীদের উপর পুলিশি নৃশংসতার অভিযোগে FIR দায়ের এবং বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ চেয়ে সোমবার শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি।

    প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী ফৌজিয়া শাকিল। তিনি আদালতকে জানান, আবেদনে বিহারে পুলিশের গুলিচালনা-সহ একাধিক ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের লক্ষ্য করে AK-47 রাইফেলও ব্যবহার করা হয়েছে। সেই আবেদন মেনে মঙ্গলবার মামলাটির শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট।

    আদালত জানিয়ে দিয়েছে, NEET-সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র আন্দোলনের সময়ে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ সংক্রান্ত সব আবেদনই মঙ্গলবার একসঙ্গে শুনানি হবে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘২৮ জুলাই একসঙ্গে সব মামলার শুনানি হবে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’ শুধুমাত্র বিক্ষোভ চলছে বলে লাঠিচার্জ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

    মনোজ ঝার আবেদনে বলা হয়েছে, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে, বিশেষ করে ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে FIR দায়েরের নির্দেশ দেওয়া হোক।

    এছাড়াও প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডিজিপির নেতৃত্বে এবং অন্তত আইজিপি পদমর্যাদার দুই মহিলা আইপিএস আধিকারিককে সদস্য করে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আবেদন জানিয়েছেন তিনি। অবসরপ্রাপ্ত কোনও হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করারও আর্জি জানানো হয়েছে।

    NEET প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে যন্তর মন্তরে বিক্ষোভে শামিল হয়েছিলেন ছাত্রছাত্রী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাঁদের সংসদ অভিযানেই লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এমনকী কাঁদানে গ্যাসের শেল ফাটানোর অভিযোগও উঠেছে। প্রতিবাদের জেরে ২৫ জুলাই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি সরকার আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেয়। এর পরেই বিক্ষোভ প্রত্যাহার করে CJP।

    ১. সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কে?

    RJD-র রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা।

    ২. কী দাবি জানানো হয়েছে?

    আন্দোলনকারীদের উপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে FIR দায়ের, SIT গঠন এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশ চাওয়া হয়েছে।

    ৩. মামলার শুনানি কবে হবে?

    প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ মঙ্গলবার সব সংশ্লিষ্ট মামলার একসঙ্গে শুনানি করবে।

    ৪. আদালতে মনোজ ঝার পক্ষে কে সওয়াল করেন?

    আইনজীবী ফৌজিয়া শাকিল।

    ৫. আবেদনে কী কী অভিযোগ করা হয়েছে?

    বিহারে পুলিশের গুলিচালনার ঘটনা, আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ এবং AK-47 রাইফেল ব্যবহারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

    ৬. SIT গঠনের প্রস্তাব কী?

    প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডিজিপির নেতৃত্বে এবং অন্তত আইজিপি পদমর্যাদার দুই মহিলা আইপিএস আধিকারিককে সদস্য করে SIT গঠনের আবেদন করা হয়েছে। তদন্তের তত্ত্বাবধানে থাকবেন অবসরপ্রাপ্ত হাইকোর্টের এক বিচারপতি।

    ৭. প্রধান বিচারপতি কী মন্তব্য করেছেন?

    তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শুধু বিক্ষোভ চলছে বলে লাঠিচার্জ করা যায় না।

    ৮. এই মামলার পটভূমি কী?

    NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে CJP-র নেতৃত্বে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে। পরে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে এবং সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।

  • Link to this news (এই সময়)