NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে চলা আন্দোলনের মাঝেই গত ২৩ জুলাই স্বয়ং প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, এই অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। সেই আদালতে সোমবার প্রথম শুনানি ছিল। অথচ, শুনানিতে হাজিরই হলেন না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর আইনজীবী। আগামী ৩ অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
এ দিন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারক অনু গ্রোভার বালিগার এজলাসে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত বিকাশ বিওয়াল ও দিনেশ বিওয়ালের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সিবিআইয়ের পক্ষে কোনও সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন না।
পাশাপাশি অভিযুক্তদের আইনজীবী এ.পি. সিং-ও আদালতকে জানান, পৃথক একটি কোর্টে তাঁর অন্য কাজ থাকায় তিনি CBI-এর আইনজীবীর জন্য আর অপেক্ষা করতে পারবেন না। এমত অবস্থায় শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। একই সঙ্গে আদালত ‘ডিরেক্টর অফ প্রসিকিউশন’-কে নির্দেশ দেয়, পরবর্তী শুনানির দিন পাবলিক প্রসিকিউটরের উপস্থিতি যেন নিশ্চিত করা হয়।
মামলার শুনানি পিছিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘এমন পরিস্থিতিতে মোদী সরকার কী মুখে দাবি করছে যে ফাস্ট ট্র্যাক কোর্টই প্রশ্নপত্র ফাঁসের সঙ্কটের সমাধান? অথচ তাদের নিজেদের CBI-ই এই মামলাগুলোর তদন্ত বা বিচার প্রক্রিয়ায় কোনও গুরুত্ব বা উদ্যোগ দেখাচ্ছে না।’
উল্লেখ্য, গত ৩ মে নিট-ইউজি (NEET-UG) মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পরে ১২ মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরীক্ষাটি বাতিল করে দেয়। পরবর্তীতে ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং চলতি মাসের শুরুর দিকে তার ফলাফল প্রকাশ করা হয়।