দুই বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে অজি মিডিও ইকোনোমিডিস
বর্তমান | ২৮ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে খেতাব ধরে রাখার লক্ষ্যে ক্রমশ ঘর গুছিয়ে নিচ্ছে ইস্ট বেঙ্গল। বিনিয়োগকারী সংস্থা গাঁটছড়া ভাঙলেও দল গঠনে তার প্রভাব পড়তে দিতে নারাজ কর্তারা। ইতিমধ্যেই ডানি রামিরেজ, নাচো ও এফিয়াংয়ের মতো বিদেশিকে সই করিয়েছেন তাঁরা। পাশাপাশি ধরে রাখা হয়েছে মহম্মদ রশিদকে। এবার পঞ্চম বিদেশি হিসাবে লাল-হলুদ স্কোয়াডে যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ফুটবলার ক্রিস ইকোনোমিডিস। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের পাশাপাশি দুই উইং থেকে দ্রুত গতিতে আক্রমণে ওঠার ক্ষেত্রে পারদর্শী ক্রিস। খেলতে পারেন সেন্টার ফরোয়ার্ডেও। দেশের জার্সিতে তিনি ম্যাকলারেন-পেত্রাতোসদের সঙ্গে ড্রেসিং-রুম ভাগ করে নিয়েছেন।
অস্ট্রেলিয়ার পাশাপাশি পারিবারিক সূত্রে গ্রিসের জাতীয় দলের হয়েও খেলার সুযোগ ছিল ক্রিসের সামনে। তবে তিনি জন্মভূমিকেই বেছে নেন। অজিদের হয়ে যুব স্তরে অনূর্ধ্ব-২০ ও ২৩ দলের প্রতিনিধিত্ব করেন ক্রিস। সিনিয়র দলের জার্সিতে অবশ্য কেরিয়ার দীর্ঘায়িত করতে ব্যর্থ। ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে প্রতিনিধিত্ব করেছেন মাত্র ১৭টি ম্যাচে। ক্লাব ফুটবলে অবশ্য তাঁর পারফরম্যান্স বেশ চমকপ্রদ। যুব স্তরে চেলসির পাশাপাশি ম্যান ইউয়ের বিরুদ্ধে গোলও রয়েছে। ৩১ বছর বয়সি এই অ্যাটাকিং মিডিও লাজিও, সিজনি ওয়ান্ডার্স, পার্থ গ্লোরি ও মেলবোর্ন ভিক্টরির মতো ক্লাবে খেলেছেন। অভিজ্ঞ এই অজি ফুটবলারের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ইস্ট বেঙ্গল দলের গভীরতা বাড়াবে। কোচ হাবাসও তাঁকে পেয়ে খুশি। একইসঙ্গে দু’বছরের চুক্তিতে লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন ভারতীয় ডিফেন্ডার নরেন্দর গেহলট।
এদিকে, মঙ্গলবার কলকাতা লিগে ফের মাঠে নামছে ইস্ট বেঙ্গল। ক্লাবের মাঠে প্রতিপক্ষ পাঠচক্র। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’তে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে বিনো জর্জের ছেলেরা। পক্ষান্তরে, পাঁচ ম্যাচে পাঠচক্রর সংগ্রহ ৬ পয়েন্ট। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ লাল-হলুদ ফুটবলাররা। বৃষ্টির কারণে মাঠের অবস্থা অনেকটাই অবনতি ঘটেছে। তাই ভারী মাঠে ফুটবলারদের চোট-আঘাত মুক্ত রাখাই প্রধান লক্ষ্য কোচ বিনোর। অন্যদিকে, শেষ তিন ম্যাচে দল দু’টি জয় পেলেও ছেলেদের সার্বিক পারফরম্যান্সে খুশি নন পাঠচক্র কোচ সঞ্জয় দে। তিনি বলেন, ‘আমাদের মাঝমাঠ ও রক্ষণে আরও উন্নতি করতে হবে। ইস্ট বেঙ্গল বড়ো দল। তাদের বিরুদ্ধে ভালো ফুটবল মেলে ধরাই আমাদের লক্ষ্য।’ উল্লেখ্য, পাঠচক্রের হয়ে চলতি লিগে নজর কড়েছেন সাপাম তোপের মিথেই ও শৌভিক অধিকারী।