এই সময়: গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে দেশে কমেছে সয়াবিন মিল উৎপাদনের পরিমাণ। তার সঙ্গেই পশুখাদ্যের বাজারে ধাক্কা দিয়েছে দামি ‘ভুট্টা’। ইথানল উৎপাদনের জন্য ভুট্টার বরাদ্দ বেড়ে যাওয়ায় গত কয়েক মাসে চড়েছে শস্যটির দাম। এমন পরিস্থিতিতে পশুখাদ্য কেনার খরচ গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি মাসে ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। যার জেরে আমজনতার পাতের ডিম ও মুরগির মাংসও দামি হয়েছে।
শিল্পমহলের পরিসংখ্যান বলছে, গত বছরের জুলাইয়ে পশুখাদ্যের দাম ছিল প্রতি কুইন্টালে ৩,৬০০ টাকা। যা চলতি বছরের জুলাইয়ে ১৫ শতাংশ চড়ে ছুঁয়েছে ৪,৪০০ টাকা প্রতি কুইন্টাল। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, ব্রয়লার মুরগি প্রতিপালনের ক্ষেত্রে পশুখাদ্যের জন্য খরচ মোট অঙ্কের ৬৫ শতাংশ। ফলে দেশজুড়ে পশুখাদ্যের দাম চড়তেই মুরগির মাংসের দামও বেড়েছে।
এ বিষয়ে পোল্ট্রি ফেডারেশন অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি রিকি থাপার জানিয়েছেন, গত বছরের জুলাইয়ে দিল্লিতে গোটা মুরগির দাম ছিল ৯০ টাকা প্রতি কিলোগ্রাম। যা চলতি মাসে বেড়ে হয়েছে ১৪০ টাকা প্রতি কিলোগ্রাম। একইরকম ভাবে খুচরো বাজারে মুরগির মাংসের দাম গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি মাসে প্রতি কিলোগ্রামে ৬০ টাকা বেড়ে ছুঁয়েছে ২৪০ টাকায়। চলতি জুলাইয়ে পশ্চিমবঙ্গেও খুচরো বাজারে মুরগির মাংসের দাম প্রতি কিলোগ্রামে ২৪০-২৭০ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে।
সংবাদসংস্থার রিপোর্টে দাবি, শুধু মুরগির মাংসই নয়, দেশজুড়ে পাইকারি বাজারে ডিমের দামও ২৬ শতাংশ বেড়েছে। যার অন্যতম প্রধান কারণ পশুখাদ্যের আগুন দাম।
FAQ
১. পশুখাদ্যের দাম কেন বেড়েছে?
সয়াবিন মিলের উৎপাদন কমে যাওয়া এবং ইথানল উৎপাদনের জন্য ভুট্টার বরাদ্দ বাড়ায় ভুট্টার দাম বৃদ্ধি পাওয়াই পশুখাদ্যের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।
২. পশুখাদ্যের দাম কতটা বেড়েছে?
গত বছরের জুলাইয়ে প্রতি কুইন্টাল পশুখাদ্যের দাম ছিল ₹৩,৬০০। চলতি বছরের জুলাইয়ে তা বেড়ে হয়েছে প্রায় ₹৪,৪০০, অর্থাৎ প্রায় ১৫% বৃদ্ধি পেয়েছে।
৩. মুরগির মাংসের দামে এর প্রভাব কী?
ব্রয়লার মুরগি পালনের মোট খরচের প্রায় ৬৫% পশুখাদ্যের জন্য ব্যয় হয়। ফলে পশুখাদ্যের দাম বাড়ায় মুরগির মাংসের দামও বেড়েছে।
৪. বর্তমানে মুরগির মাংসের দাম কত?
শিল্পমহলের তথ্য অনুযায়ী, দিল্লিতে গোটা মুরগির দাম প্রতি কিলোগ্রামে ₹১৪০ হয়েছে। খুচরো বাজারে মুরগির মাংসের দাম প্রায় ₹২৪০ প্রতি কিলোগ্রাম এবং পশ্চিমবঙ্গে তা ₹২৪০-₹২৭০ প্রতি কিলোগ্রামের মধ্যে রয়েছে।
৫. ডিমের দামও কি বেড়েছে?
হ্যাঁ। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে পাইকারি বাজারে ডিমের দাম গত বছরের তুলনায় প্রায় ২৬% বেড়েছে।