তারাপীঠেও হতে পারে পুষ্পবৃষ্টি। তারাপীঠ মন্দির কমিটির সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। সোমবার, তারাপীঠ মন্দির কমিটির সঙ্গে আলোচনায় বসেন এলাকার বিধায়ক, বীরভূম জেলা প্রশাসনের আধিকারিক এবং মন্দির কমিটির সদস্যরা। সেখানেই মন্দির সংক্রান্ত বিভিন্ন আলোচনার সূত্রেই উঠে আসে পুষ্পবৃষ্টির কথা।
তারকেশ্বরে পুষ্পবৃষ্টি
শ্রাবণ মাসে প্রতি সোমবার তারকেশ্বরে আগত ভক্তদের উপরে পুষ্পবৃষ্টি হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর সেই ঘোষণা মতো পুষ্পবৃষ্টি হয়েছে শৈবতীর্থ তারকেশ্বরে। এ বার একই জিনিস দেখা যেতে পারে শক্তিপীঠ তারাপীঠেও।
তারাপীঠ মন্দির কমিটির বৈঠক
সোমবার, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ (টিআরডিএ)-এর বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, বীরভূম জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে তারাপীঠ মন্দির কমিটির সভাপতিও। জানা গিয়েছে, এদিনের এই বৈঠকে মন্দিরের উন্নয়ন ও পরিচালনা ছাড়াও কৌশিকী অমাবস্যা নিয়েও আলোচনা হয়। সেই আলোচনার সূত্রেই উঠে আসে এই পুষ্পবৃষ্টির কথা। রাজ্যের কৃষিমন্ত্রী এবং রামপুরহাটের বিধায়ক উভয়েই এই পুষ্পবৃষ্টি নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
পুষ্পবৃষ্টির আশ্বাস
তারাপীঠ মন্দিরে এবং ভক্তদের ওপর পুষ্পবৃষ্টির বিষয়ে তাঁদের আশ্বাস দিয়েছেন রামপুরহাটের বিধায়ক বলে জানিয়েছেন ওই মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়। একই কথা জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায়-ও। রামপুরহাটের বিধায়কের মতো রাজ্যের কৃষিমন্ত্রীও একই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তবে বিষয়টি এখন প্রস্তাবের স্তরে আছে বলে জানিয়েছেন রামপুরহাটের বিধায়ক। তবে এই পুষ্পবৃষ্টি তা চূড়ান্ত না হলেও কৌশিকী অমাবস্যার সময়ে তা করার ইচ্ছে আছে তাঁদের। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এক নজরে:
FAQ
কোথায় হতে পারে পুষ্পবৃষ্টি?
তারকেশ্বরের মতো তারাপীঠেও হতে পারে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি।
কে এই আশ্বাস দিয়েছেন?
সোমবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারাপীঠ মন্দির কমিটির সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এবং রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা।
বিষয়টি কি চূড়ান্ত হয়েছে?
তারাপীঠে পুষ্পবৃষ্টির বিষয়টি এখনও প্রস্তাবের আকারে আছে। প্রস্তাব অনুমোদিত হলে কৌশিকী অমাবস্যায় হতে পারে পুষ্পবৃষ্টি।
বৈঠকে আর কী নিয়ে আলোচনা হয়েছে?
বৈঠকে মন্দিরের উন্নয়ন ও পরিচালনা ছাড়াও কৌশিকী অমাবস্যা নিয়েও আলোচনা হয়। তারাপীঠ এবং আশেপাশে এলাকাকে পরিচ্ছন্ন রাখার দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে।