• হালকা বৃষ্টিতে ভিজবে শহর, উত্তরে চলবে দুর্যোগ, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
    এই সময় | ২৮ জুলাই ২০২৬
  • বৃষ্টির মেঘ ঘনিয়ে রয়েছে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। রবিবার এবং সোমবার বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছিল কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সারাদিন কেমন থাকবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গেও কী ভারী বৃষ্টি অব্যহত থাকবে? জেনে নিন বিস্তারিত।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বাংলার উপর দিয়েই বিস্তৃত। এর পাশাপাশি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে রাজ্যে। মঙ্গলবারও সকাল থেকে একই রকম অবস্থা। মেঘে ঢেকে রয়েছে আকাশ। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা হালকা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও।

    এক নজরে

    আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। তার সঙ্গে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। অন্য দিকে, মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরে মোট ৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে জেলায় জেলায়। তবে, বুধবার থেকে দুর্যোগের মেঘ কেটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ কিছুটা কম হতে পারে এ দিন থেকে।

    এর পাশাপাশি, কাকদ্বীপ-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। 'গঙ্গাসাগর সমুদ্র সৈকত সিভিল ডিফেন্স'-এর তরফে মাইকিং করে স্থানীয় বাসিন্দা এবং আগত পুন্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। অন্য দিকে, নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

    উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অব্যহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুই দিনাজপুর, কোচবিহার, কালিম্পং ও মালদায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। সপ্তাহান্তে শনি ও রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    মঙ্গলবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

    মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু’এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গে কি ভারী বৃষ্টির কোনও সতর্কতা আছে?

    হ্যাঁ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে (যেমন- দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ইত্যাদি) হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

    দক্ষিণবঙ্গে কবে থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে?

    বুধবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ কেটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন থেকে বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ কিছুটা কম হতে পারে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কী?

    উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)