• আর নয় জ্যামের দুর্ভোগ? বাংলাজুড়ে ৫০০টি ফ্লাইওভার বানাবে রেল, শুভেন্দু যা জানালেন
    আজ তক | ২৮ জুলাই ২০২৬
  • দীর্ঘ প্রতীক্ষার  অবশেষে অবসান ঘটল।  শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভার চালু হয়ে গেল। গত সোমবার এই ফ্লাইওভারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। এই   ফ্লাইওভার চালু হওয়ায় শহরের দীর্ঘদিনের যানজটের বিভীষিকা এবার কাটবে বলেই মনে করা হচ্ছে।  সোমবার বিকেলে ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির দর্শন ও পুজো অর্পণের পর এয়ার ভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সেতুর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর তিনি নিজে হেঁটে সেতুটি পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য অর্থ দফতরের মন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ রাজু বিস্তা, জেলা শাসক ও পুলিশ কমিশনার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    আশা করা হচ্ছে দীর্ঘ ১.১২৪ কিলোমিটার সেতুটি চালু হওয়ায় শিলিগুড়ি শহরে  যানজটের দুর্ভোগ যেমন কাটবে ঠিক তেমনই আবার যাতায়াতকারীদের সমস্যাও দূর হবে। পূর্ত বিভাগ (PWD) ও রেলের যৌথ প্রযুক্তিতে তৈরি বর্ধমান রোডের এই নতুন উড়ালপুলটি হিলকার্ট রোড, ৩১ নম্বর জাতীয় সড়ক এবং এশিয়ান হাইওয়েকে যুক্ত করবে। এই অনুষ্ঠানে আগামী দিনে রাজ্যের সড়ক পরিবহণে গতি আনতে বড় বার্তাও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে রেলের সঙ্গে যৌথ উদ্যোগে আরও ৫০০টি নতুন ফ্লাইওভার  তৈরির পরিকল্পনা চলছে, যার সম্পূর্ণ খরচ রেল বহন করতে রাজি হয়েছে। পরিশেষে, প্রধানমন্ত্রীর ‘বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা’ মন্ত্রে বিশ্বাস রেখে উত্তরবঙ্গের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার বার্তা দেন তিনি।

    রাজ্যে ৫০০টি নতুন ফ্লাইওভার
    মুখ্যমন্ত্রী দাবি করেন  কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।  রাজ্য জুড়ে রেল ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে ৫০০টি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। শুভেন্দু উল্লেখ করেন, আগে যৌথ প্রকল্পের ৫০ শতাংশ অর্থ রাজ্যকে দিতে হলেও বর্তমানে কেন্দ্রীয় রেল মন্ত্রক ১০০ শতাংশ অর্থায়নেই উড়ালপুল নির্মাণে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রীর ‘বিকাশ ভি, বিরাসাত ভি’ আদর্শে ঐতিহ্য ও বিকাশকে সঙ্গে নিয়ে পথ চলার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী। ফলে আগামী দিনে রাজ্যের সড়ক পরিবহণে নতুন গতি আসতে চলেছে সেই ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী। 

     এদিকে  শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভার চালু নিয়ে স্থানীয় বিধায়ক এবং পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, এই ফ্লাইওভার শুধু যানজট কমাবে না, শহরের পরিকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
  • Link to this news (আজ তক)