বাড়ছে কাজের যোগান, গরীবের হাতে সরাসরি বাড়তি অনেক টাকা, দিলীপের মুখে রাজ্যের যুগান্তকারী পদক্ষেপ
News18 বাংলা | ২৮ জুলাই ২০২৬
রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের আর্থিক সঙ্গতি ফেরানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ‘ভিভিজি রামজি’ প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিকে একসূত্রে বাঁধার উদ্যোগ নিল প্রশাসন। সম্প্রতি হাওড়ায় আয়োজিত একটি কর্মসূচিতে এই সংক্রান্ত নানা দিক ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ শক্ত করতে এই প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, বলে জানান তিনি। শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে কাজের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। নির্ধারিত কাজ দক্ষতার সঙ্গে সম্পাদন করতে ইতিমধ্যে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বাংলা আবাস যোজনার ধাঁচে শৌচালয় তৈরির কাজে এই প্রকল্পের অন্তর্ভুক্ত শ্রমিকদের যুক্ত করা হবে। এতে গ্রামীণ এলাকায় একদিকে যেমন স্বাস্থ্যবিধির উন্নতি হবে, অন্যদিকে কাজের মাধ্যমে সাধারণ মানুষের জন্য নিয়মিত উপার্জনের নতুন পথ খুলে যাবে।
জঙ্গলমহল এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ করা হবে। শুধু তা-ই নয়, লোকালয়ে হাতির আক্রমণ ও উপদ্রব রুখতে এই প্রকল্পের আওতাতেই কার্যকরী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। গ্রামীণ পরিকাঠামো সুদৃঢ় করার পাশাপাশি বিভিন্ন জেলায় গোশালা নির্মাণের জন্য প্রকল্পের অর্থ বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে কাজের সুযোগ দিয়ে স্বাবলম্বী করা এবং তাঁদের হাতে সরাসরি অর্থ তুলে দেওয়াই রাজ্য সরকারের আসল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই কাজের দিন বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রকল্পের কাজের পরিধিও বৃদ্ধি করা হয়েছে।
প্রকল্পের এই বহুমুখী রূপরেখা বাস্তবায়িত হলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি যেমন গতি পাবে, তেমনই পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সুরক্ষাতেও নতুন মাত্রা সংযোজিত হবে। পাশাপাশি তিনি বিগত সরকার আমলে দুর্নীতি এবং স্বজন-পোষণের বিরুদ্ধে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি। আগামী দিনের পঞ্চায়েত নির্বাচনে অশান্তি কম করার লক্ষ্য এবং পঞ্চায়েতের দুর্নীতি দমন করার উদ্দেশ্যে বিল পাস করা।