বাংলার আনাচে-কানাচে মাটির পুতুল, তবুও কেন 'জিআই' রাজমুকুট শুধু কৃষ্ণনগরের ঘূর্ণির মাথায়?
News18 বাংলা | ২৮ জুলাই ২০২৬
: নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের পাশ দিয়ে বয়ে চলেছে জলঙ্গি নদী আর এই জলঙ্গি নদীর পাশেই অবস্থিত একটি ছোট্ট জনপদ নাম ঘূর্ণি। এই ঘূর্ণির শিল্পীদের হাতে গড়া ছোট ছোট মাটির পুতুল জগৎ বিখ্যাত, পৃথিবীর বিভিন্ন দেশে এই মাটির পুতুলের বড় কদর। নদিয়াতে পর্যটকরা আসলেই তারা ছুটে আসেন কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুল পট্টিতে এবং সেখানে অসংখ্য দোকান থেকে তারা বিভিন্ন রকমের পুতুলের খোঁজ করে থাকেন।
এই পুতুলগুলো সম্পূর্ণভাবে মাটিতে তৈরি এবং এর বিশেষত্ব হল মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয় এই মূর্তিগুলোর মাধ্যমে। এর পাশাপাশি এই ছোট্ট ছোট মূর্তিগুলোকে খুবই নিপুণভাবে গড়ে তোলা হয়, দেখে মনে হবে যেন ছোট্ট ছোট্ট মানুষ। এই পুতুল পট্টির মৃৎশিল্পীরা বংশ-পরম্পরায় এই কাজ করে আসছেন। সম্প্রতি এই ঘূর্ণির মাটির পুতুল পেয়েছে জিআই তকমা।
ঘূর্ণি পুতুল পট্টির রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল বলেন, “এটা আমাদের দীর্ঘদিনের একটা লড়াই আমরা বহুদিন ধরে চেষ্টা করেছি, আমাদের কৃষ্ণনগর কোঅপারেটিভ সোসাইটি রয়েছে তারাও চেষ্টা করেছে। জিআই ট্যাগ পাওয়ার অর্থ হল জিওগ্রাফিকাল ইন্ডিকেশন, অর্থাৎ পৃথিবীর মানচিত্রতে আমরা জায়গা করে নিলাম। কৃষ্ণনগরের রিয়ালিস্টিক হিউম্যান ফিগার বা পুতুলগুলো রয়েছে সেই পুতুলগুলো জিআই ট্যাগ পেয়েছে, আর তার জন্য আমরা জিআই ট্যাগ যে কোনও পুতুলের উপর লাগাতে পারব না। এই ট্যাগ পাওয়ার জন্য আমাদের দায়িত্ব বাড়ল, পৃথিবীর বিভিন্ন জায়গা আমাদের পুতুলগুলো যাবে এবং তার জন্য আমাদের তার মান অনেক সুন্দর করতে হবে, অনেকটা উন্নতমানের করতে হবে। তাই সব মিলিয়ে খুব ভাল খবর শিল্পীদের খুশির খবর যে আমরা জিআই ট্যাগ পেলাম।”
সরপুরিয়া সরভাজার পর ঘূর্ণির মাটির পুতুলের জিআই ট্যাগের যে দাবি ছিল খানিক বিলম্ব হলেও আপাতত খুশি কৃষ্ণনগরবাসী।