• কাজ সেরে বাড়ি ফেরার পথে বিকট শব্দ! গোপালনগরে ধাক্কা মেরেই চম্পট লরি, পিষে মৃত ইভি আরোহী
    News18 বাংলা | ২৮ জুলাই ২০২৬
  • : রাতের রাস্তায় বাড়ি ফেরার পথেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইভি বাইক আরোহীর, শোকের ছায়া গোপালনগরে। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চারাতলা এলাকায় মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ইলেকট্রিক বাইক চালকের। রাতে ওই রাস্তা ধরেই বাড়ি ফিরছিলেন তিনি, বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্বপন বিশ্বাস। দুর্ঘটনার পর ট্রাকটি না থেমেই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    মৃত স্বপন বিশ্বাসের বাড়ি গোপালনগর থানার কুচিয়ামোড়া এলাকায়। তিনি প্রতিদিনের মতো সোমবারও কাজ সেরে ইভি বাইক নিয়ে ফিরছিলেন। চারাতলা এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা ওই বেপরোয়া ট্রাকের সঙ্গে তাঁর ইভি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আঘাতের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার পর আশপাশের মানুষ ছুটে আসলেও শেষ রক্ষা হয়নি ঘটনাস্থলেই প্রাণ হারান ওই চালক। খবর দেওয়া হয় গোপালনগর থানায়।

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই দেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের সদস্যদেরও ঘটনার খবর দেওয়া হয়। আকস্মিক এই মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক ট্রাক ও চালকের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্রাকটির পরিচয় জানার চেষ্টা চলছে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে এই রাস্তায় দীর্ঘদিন ধরেই ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ, নজরদারি বৃদ্ধি এবং বেপরোয়া যান চলাচল রুখতে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসীরা।
  • Link to this news (News18 বাংলা)