• ‘পুষ্পা’ স্টাইলে পাচার! ছক ভেস্তে কোটি টাকার মাদক উদ্ধার পুলিশের, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ২৮ জুলাই ২০২৬
  • এ যেন একেবারে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অনুকরণ! লরির নিচে বিশেষ গোপন কুঠুরি বানিয়ে পাচার করা হচ্ছিল কোটি টাকারও বেশি মূল্যের গাঁজা। পরিমাণ প্রায় ৩২২ কেজি। কিন্তু শেষ রক্ষা হল না। আন্ত:রাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। গোবিন্দপুর-বালাসোর ১৮ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া শহর ঢোকার মুখে বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের কাছে সোমবার মধ্যরাতে অভিযান চালায় পুরুলিয়া জেলা পুলিশ। তাতেই মোট ৩ গাড়ি মাদক বাজেয়াপ্ত হয়েছে। পাচার চক্রে জড়িত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লরিকে সামনে-পিছনে রীতিমতো পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল দুটি ছোট গাড়ি। জেলা পুলিশের বড় সাফল্য নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপারেশনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

    মাদক পাচার রোধে পুরুলিয়া জেলা পুলিশের এই সাফল্যে বড় ভূমিকা রয়েছে পুরুলিয়া জেলা পুলিশের স্পেশাল অপারেশনস গ্ৰুপ। বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আসছিল এবং কোথায় পাচার করার ছক ছিল, তার সমস্ত কিছু খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ। এই র‍্যাকেটের সঙ্গে বিভিন্ন রাজ্যের আরও কারা কারা যুক্ত রয়েছে তারও খোঁজ চালানো হচ্ছে। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে একেবারে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। বেআইনি মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।

    পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৭ জনের মধ্যে তিনজন এই রাজ্যের বাসিন্দা। ওড়িশার এক ও বাকি তিনজন বিহারের বাসিন্দা। এদের সকলের বয়স ৩২ থেকে ৪৮ বছরের মধ্যে। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, ধৃতরা হল পূর্ব বর্ধমানের রাজু পাল, জীবন দে, পশ্চিম বর্ধমানের উত্তমকুমার সিনহা, ওড়িশার গঞ্জাম জেলার কালিয়া লঙ্কা, বিহারের ভোজপুরের দীপককুমার সিং, অজিতকুমার সিং ও বক্সারের রঞ্জিতকুমার প্রসাদ।

    ধৃতরা পুলিশকে জানিয়েছে, নজর এড়াতে ওই লরির মধ্যে বিশেষভাবে গোপন কুঠুরি তৈরি করে ওই মাদক লুকিয়ে রাখা হয়েছিল। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও স্থানীয় মানুষজনের উপস্থিতিতে সাক্ষী হিসাবে ওই এলাকার এক মেকানিকের সহায়তায় ওই গোপন খুপরির সন্ধান পাওয়া যায়। গোপন খুপরি খুলতেই অবাক হয়ে যান পুলিশ কর্তারা! দেখা যায়, ছোট ছোট অজস্র প্যাকেট। তা খুলতেই পরিষ্কার হয়ে যায়, প্যাকেটগুলিতে ভর্তি গাঁজা। বৈদ্যুতিক ওজন পরিমাপক যন্ত্র এনে জাতীয় সড়কের পাশেই চলে ওই মাদকের পরিমাপ।

    পুরুলিয়া জেলা পুলিশের এই সফল অপারেশন নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বার্তা, ‘গত তিনদিন ধরে মাদক বিরোধী অভিযানে যে পুলিশ টিম এত পরিমাণ গাঁজা উদ্ধার করে পাচার রুখেছেন, তাঁদের আমি অভিনন্দন জানাই। মোট ৭ জন গ্রেপ্তার হয়েছে। পুরুলিয়া পুলিশ দেখিয়ে দিল, যে কোনওরকম অসামাজিকস কাজের ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স নীতি।’
  • Link to this news (প্রতিদিন)