• দিল্লির এক DCP-র নির্দেশেই আন্দোলনকারীদের উপরে পেলেট গান চালিয়েছিল র‌্যাফ, দাবি রিপোর্টে
    এই সময় | ২৮ জুলাই ২০২৬
  • নিট আন্দোলনকারীদের সংসদ অভিযান রুখতে পেলেট গান (ছররা বন্দুক) ব্যবহার করা হয়নি বলে প্রথমে দাবি করেছিল দিল্লি পুলিশ। কিন্তু পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি জেনারেল ডায়েরি (জিডি)-র নথি অনুযায়ী, দিল্লি পুলিশের এক ডিসিপি পদমর্যাদার অফিসারের নির্দেশেই র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) ছররা গুলি ছুড়েছিল। এমনই দাবি করা হয়েছে সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে। যদিও এ ব্যাপারে দিল্লি পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

    সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, যে দিন সংসদ অভিযান হয়েছিল, সেই ২০ জুলাই রাত দেড়টা নাগাদ থানায় জিডি জমা পড়ে। সেটি তাদের হাতে এসেছে বলেও দাবি করেছে ‘দ্য হিন্দু’। তার ভিত্তিতেই প্রতিবেদনে লেখা হয়েছে, আন্দোলনে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিসিপি পদমর্যাদার এক অফিসারের নির্দেশে র‌্যাফের এক ডেপুটি কমান্ড্যান্ট মোট ৫৫ রাউন্ড নন-ইলেকট্রিক্যাল শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, ৫টি টিয়ার গ্যাসের সেল এবং প্লাস্টিক পেলেট ভর্তি ২টি অ্যান্টি-রায়ট গান থেকে গুলি চালিয়েছেন।

    দিল্লিতে ছররা বন্দুক ব্যবহারে বেশ কয়েক জন আন্দেলনকারী জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের এক জন বছর উনিশ বয়সি সাহিল লোচাব ভর্তি ছিলেন সফদরজং হাসপাতালে। পেলেটের আঘাতে তাঁর ডান চোখের মণি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। পরিবার এবং হাসপাতাল সূত্রের দাবি, সাহিলের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। ঘটনাচক্রে, দিল্লি পুলিশ প্রথমে ছররা বন্দুক ব্যবহারের কথা অস্বীকার করলেও, সফদরজং হাসপাতালই সেই দাবি নস্যাৎ করে দেয়। তার পরেই ছররা বন্দুক নিয়ে বিতর্ক আরও জোরদার হয়েছে।

    বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। অনিয়ন্ত্রিত ভাবে ছররা বন্দুকের ব্যবহার নিষিদ্ধ করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে গোয়েন্দা সংস্থা আইবি-র অবসরপ্রাপ্ত কর্তা যশবর্ধন আজ়াদ এবং ছররা আক্রান্ত দুই ব্যক্তি। আক্রান্তেরা ক্ষতিপূরণ এবং চিকিৎসার দাবি জানিয়েছেন।

  • Link to this news (এই সময়)