৮ কিমি কমে গেল ডিএন-৩৫ বাস রুট! প্রতিদিন নাজেহাল সীমান্তের ৫০ হাজার মানুষ
News18 বাংলা | ২৮ জুলাই ২০২৬
সীমান্তে ডিএন-৩৫ বাস পরিষেবা ব্যাহত, বিকল্প যানবাহনের উপর নির্ভরশীল হাজার হাজার মানুষ। উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের মানুষের কাছে বারাসত যাওয়ার অন্যতম ভরসা ডিএন-৩৫ বাস রুট। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা ও সেতুর বেহাল অবস্থার জেরে ধাপে ধাপে সংকুচিত হতে হতে এবার এই বাস পরিষেবা প্রায় ৮ কিলোমিটার কমে গেল। ফলে সীমান্ত এলাকার প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন চরম যাতায়াত সমস্যার মুখে পড়েছেন।
২০০৭ সালে সীমান্তবর্তী নবাতকাটি থেকে বারাসতের তিতুমীর বাস স্ট্যান্ড পর্যন্ত ডিএন-৩৫ বাস পরিষেবা চালু হয়। স্বরূপনগরের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য এই রুট ছিল কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং প্রশাসনিক কাজে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ এই বাস পরিষেবার উপর নির্ভর করতেন। তবে ২০১৭ সালে সোনাই নদীর উপর দুর্বল সেতুকে প্রশাসনের তরফে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর নিরাপত্তার স্বার্থে নবাতকাটি পর্যন্ত বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং পরিষেবা সীমাবদ্ধ করা হয় নিত্যনন্দকাটি গ্রাম পর্যন্ত। সেই সময় থেকেই প্রায় ৪ কিলোমিটার রাস্তা ডিএন-৩৫ বাস রুটের বাইরে চলে যায়।
আরও পড়ুনঃ ইস্তফার আগে ধর্মেন্দ্রকে ঘিরে ‘প্ল্যান বি’! সিজেপির এককথায় ভেস্তে যায় পরিকল্পনা, কী বলেছিল ককরোচরা? প্রকাশ্যে এল রিপোর্ট
এবার নতুন করে বেহাল রাস্তার কারণে আরও ৪ কিলোমিটার পথ থেকে বাস পরিষেবা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে ডিএন-৩৫ বাস নিত্যনন্দকাটি থেকেও আর চলাচল করছে না। পরিষেবা সীমাবদ্ধ হয়ে গিয়েছে বিথারী বালতি পর্যন্ত। ফলে নবাতকাটি থেকে বিথারী বালতি পর্যন্ত মোট প্রায় ৮ কিলোমিটার এলাকায় বাস পরিষেবা কার্যত বন্ধ হয়ে পড়েছে। বাস মালিকদের দাবি, বর্ষার কারণে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে ওই অংশে বাস চালালে দুর্ঘটনার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি বাসেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। এর ফলে স্বরূপনগরের ২ থেকে ৩টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন জেলায় নতুন বাস রুট চালু এবং গণপরিবহন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সীমান্তবর্তী স্বরূপনগরে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত ছবি। নতুন রুটের বদলে পরিকাঠামোর অভাবে বহু বছরের পুরনো ডিএন-৩৫ বাস রুটই ক্রমশ সংকুচিত হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সোনাই নদীর সেতুর স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার না হলে সীমান্ত অঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়বে।