• কলকাতার 'নিকো পার্ক' এবার শিলিগুড়িতে? নয়া রূপ পাবে সূর্যসেন পার্ক, বিরাট বড় পদক্ষেপ
    News18 বাংলা | ২৮ জুলাই ২০২৬
  • : শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র সূর্যসেন পার্ককে সম্পূর্ণ নতুন রূপে গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার। শুধু পার্কের আধুনিকীকরণ নয়, মহানন্দা নদীর রিভারফ্রন্টকেও আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার এলাকা পরিদর্শনে এসে রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ জানালেন, শহরের পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে এদিন ছিলেন কলকাতার নিকো পার্কের আধিকারিকরাও।

    সূর্যসেন পার্ক ঘুরে দেখে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন মন্ত্রী। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পার্কে একাধিক নতুন রাইড যুক্ত করা হবে। পাশাপাশি বর্তমান পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি আরও দু’ থেকে তিনটি নতুন আকর্ষণ তৈরি করা হবে। এছাড়াও কেবল কার, আধুনিক ক্যাফেটেরিয়া, শিশুদের জন্মদিন উদযাপনের জন্য বিশেষ জায়গা এবং পার্কের উঁচু অংশে একটি ভিউ টেরেস তৈরির পরিকল্পনাও রয়েছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা-সহ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যাবে।

    শুধু পর্যটকদের কথা নয়, শহরের প্রবীণ নাগরিক ও ছোট শিশুদের জন্যও আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। মহানন্দা রিভারফ্রন্টকে এমনভাবে সাজানো হবে, যাতে প্রবীণরা শান্ত পরিবেশে হাঁটাচলা, আড্ডা কিংবা সময় কাটাতে পারেন। একইসঙ্গে ছোট শিশুদের জন্য নির্দিষ্ট বয়সভিত্তিক আলাদা খেলার জোন তৈরির ভাবনাও রয়েছে, যাতে তারা নিরাপদ ও স্বচ্ছন্দ পরিবেশে খেলাধুলা করতে পারে।

    পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, “সূর্যসেন পার্কের আধুনিকীকরণ এবং মহানন্দা রিভারফ্রন্টের সৌন্দর্যায়ন—এই দুটি আলাদা প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হবে। নিকো পার্কের আধিকারিকদের আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম, যাতে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও উন্নত পরিকল্পনা তৈরি করা যায়। গুজরাটের নদীর ধারের উন্নয়নের মডেল মাথায় রেখে, NJDP-এর নিয়ম মেনেই যতটা সম্ভব সুন্দরভাবে এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

    তিনি আরও বলেন, “সূর্যসেন পার্কে নতুন রাইড, কেবল কার, ক্যাফেটেরিয়া, শিশুদের জন্মদিন উদযাপনের বিশেষ জায়গা এবং একটি ভিউ টেরেস তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শহরের প্রবীণদের জন্য শান্ত পরিবেশে বসে সময় কাটানোর ব্যবস্থা এবং ছোট শিশুদের জন্য আলাদা খেলার জোনও গড়ে তোলা হবে। এতে পর্যটকদের পাশাপাশি শহরবাসীও উন্নত বিনোদনের সুযোগ পাবেন।”

    মন্ত্রী আরও দাবি করেন, “মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের যে প্রতিশ্রুতি, তা বাস্তবে রূপ দেওয়ার কাজ চলছে। শিলিগুড়ির বিধায়ক হিসেবে শহরের উন্নয়নের প্রতি আমার বাড়তি দায়িত্ব রয়েছে। সূর্যসেন পার্ক ও মহানন্দা রিভারফ্রন্টের এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শিলিগুড়ির পর্যটন শিল্প নতুন গতি পাবে এবং শহরের পরিচিতি আরও বাড়বে।”
  • Link to this news (News18 বাংলা)