বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের চরম তাণ্ডব! উথালপাথাল ঢেউয়ে ট্রলারের..., কী ঘটল ১৪ মৎস্যজীবীর?
News18 বাংলা | ২৮ জুলাই ২০২৬
: বড় বড় ঢেউ আসছে সমুদ্রে। যার ফলে ফের দুর্ঘটনার কবলে পড়ল ট্রলার। ওই ট্রলারের নাম এফবি মা মঙ্গলচণ্ডী। ট্রলারে থাকা ১৪ জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাথরপ্রতিমার রামগঙ্গা খেয়াঘাট থেকে এফবি মা মঙ্গলচণ্ডী নামের ওই ট্রলারটিতে চেপে ১৪ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তবে উত্তাল সমুদ্রে হঠাৎ ট্রলারের নীচের অংশের পাটাতন খুলে যাওয়ায় ভিতরে দ্রুত জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে মৎস্যজীবীরা চিৎকার করে সাহায্য চান।
তাঁদের আর্তনাদ শুনে আশপাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে নিরাপদে উদ্ধার করেন। বর্তমানে ডুবে যাওয়া ট্রলারটিকে উপকূলে টেনে আনার চেষ্টা চলছে।
এদিকে, নিম্নচাপজনিত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসন সমুদ্রে মাছ ধরার উপর ফের নিষেধাজ্ঞা জারি করেছে। গভীর সমুদ্রে থাকা সমস্ত ট্রলারকে অবিলম্বে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় মাইকিং করে মৎস্যজীবীদের সতর্কও করা হচ্ছে।
মৎস্যজীবী সংগঠনের দাবি, সব ট্রলার ইতিমধ্যেই উপকূলে ফিরে এসে নিরাপদ স্থানে নোঙর করে রয়েছে। এ নিয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, ২৮ জুলাই পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় ট্রলারগুলিকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বর্তমানে সমুদ্র অত্যন্ত উত্তাল এবং প্রায় ১৪ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। তাই সব ট্রলারকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এবছর একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছে। ফলে মৎস্যজীবীরা সতর্ক রয়েছেন। যার জেরে জীবনহানি অনেকটাই রোধ করা যাচ্ছে। কিন্তু বিপর্যয় আটকানো যাচ্ছে না। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মৎস্যজীবী মহলে। এখন তারা অপেক্ষা করছেন প্রাকৃতিক বিপর্যয় বন্ধ হওয়ার।