ভোটে জেতার পরেই নন্দীগ্রামের মানুষের জন্য নয়া উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম থেকে কলকাতা পর্যন্ত নতুন সরকারি বাস পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বাস দু’টির উদ্বোধন করা হয়। রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী অরূপকুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, নন্দীগ্রামের পুলিশ আধিকারিক অজয় মিশ্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল ৬:৩০ এবং ৮:২০-তে বাস দু’টি কলকাতার ধর্মতলা রওনা দেবে। কলকাতায় পৌঁছনোর কিছুক্ষণের ব্যবধানে আবার নন্দীগ্রাম রওনা দেব বাসদু’টি। সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে কলকাতা যাতায়াতের ভাড়া ১০০ টাকা।
তৃণমূল সরকারের আমলে রাজ্যের পরিবহণ মন্ত্রী থাকাকালীন নন্দীগ্রাম থেকে সরকারি বাস পরিষেবা চালু করেছিলেন শুভেন্দু। পরবর্তীকালে সেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই জিতেছেন শুভেন্দু অধিকারী। তারপরেই তিনি নন্দীগ্রামের মানুষের সুবিধায় এই বাস পরিষেবা চালু করলেন।
বর্তমানে শুধু সকালে এই বাস পরিষেবা থাকলেও ভবিষ্যতে বিকেলের পরেও একটি বাস চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্যের মন্ত্রী অরূপকুমার দাস জানান, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা নন্দীগ্রাম থেকে দু’টি সরকারি বাসের উদ্বোধন করলাম। আগামীদিনে বিকেলের দিকে আরও একটি বাস পরিষেবা বৃদ্ধি করা হবে।’ নয়া এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রাও।
FAQ
নন্দীগ্রাম-কলকাতা নতুন সরকারি বাস পরিষেবা কে চালু করলেন?
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের সুবিধার্থে এই নতুন সরকারি বাস পরিষেবা চালু করেছেন।
নন্দীগ্রাম থেকে কলকাতার উদ্দেশে বাসগুলি কখন ছাড়বে?
নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল ৬:৩০ মিনিট এবং সকাল ৮:২০ মিনিটে বাস দু’টি কলকাতার ধর্মতলার উদ্দেশে রওনা দেবে।
বাসের ভাড়া কত?
নন্দীগ্রাম থেকে কলকাতা যাতায়াতের ভাড়া ১০০ টাকা।
আগামীদিনে এই বাস পরিষেবা নিয়ে সরকারের কী পরিকল্পনা রয়েছে?
বর্তমানে শুধু সকালে বাস পরিষেবা চালু হয়েছে। তবে রাজ্যের মন্ত্রী অরূপকুমার দাস জানিয়েছেন, আগামীদিনে বিকেলের দিকে আরও একটি বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।