আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফের সাফল্যের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি মাদক পাচারচক্রের বিরুদ্ধে বেঙ্গল এসটিএফের সাম্প্রতিক অভিযানের সাফল্য তুলে ধরেন এবং পুলিশ বাহিনীর তৎপরতার প্রশংসা করেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং পুরুলিয়া জেলা পুলিশের যৌথ অভিযানে ওড়িশা থেকে আসানসোলগামী একটি বড় মাদক পাচারচক্রের হদিশ মিলেছে।
মুখ্যমন্ত্রী পোস্টে লিখেছেন, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ১৮ নম্বর জাতীয় সড়কে বেলকুড়ি টোল প্লাজার কাছে, পুরুলিয়া মফস্বল থানার এলাকায় একটি ট্রাক আটক করে পুলিশ।
তল্লাশি চালিয়ে ট্রাকের চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ট্রাকটির সঙ্গে ওড়িশা থেকে আসা আরও দুটি এসকর্ট গাড়িকেও আটক করা হয়।
এই ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা পাচারচক্রের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই অভিযানের সাফল্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পুলিশের দ্রুত, সমন্বিত ও দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেন।
তিনি জানান, মাদক পাচার এবং যুব সমাজের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা যে কোনও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও অপরাধচক্রের বিরুদ্ধে একইভাবে কঠোর অভিযান চালানো হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।