• শুভেন্দু-সরকারে ঝড়ের গতিতে উন্নয়ন! হিসেব মালব্যর
    আজকাল | ২৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মে মাসে সরকারে এসেছে বিজেপি। তৃণমূল সরকারের পতনে, বঙ্গে প্রথম বিজেপি সরকার। তারপরে কয়েকমাসে বাংলায় ডবল ইঞ্জিন সঅকার কী কী কাজ করল? ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতির তথ্য সামনে তুলে আনছেন। তার মাঝেই এবার বিজেপি সরকারের প্রথম কয়েকমাসের কাজের খতিয়ান দিয়ে দিলেন বিজেপির অমিত মালব্য। 

    সোশ্যাল মিডিয়ায় জলপাইগুড়িতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় থেকে আমুলের প্রস্তাবনা, একেবারে পয়েন্ট তুলে ধরে একটি পোস্ট করেছেন তিনি। তাতে শুরুতেই লিখেছেন, 'তিন মাসেরও কম সময়ে, পশ্চিমবঙ্গের ‘ডাবল-ইঞ্জিন’ সরকার অভূতপূর্ব গতিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।' 




    তারপরেই লেখেন, 'শুধুমাত্র গত তিন দিনেই- উত্তরবঙ্গ জুড়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জলপাইগুড়িতে একটি নতুন রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

     ১০,০৭০ কোটি টাকা বিনিয়োগে ২,৪০০ মেগাওয়াট নতুন তাপবিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অনুমোদন দেওয়া হয়েছে—যার মধ্যে রয়েছে পিপিপি (PPP) মডেলে সান্তালডিহিতে দুটি ৮০০ মেগাওয়াটের ইউনিট এবং ডব্লিউবিপিডিসিএল (WBPDCL)-এর অধীনে বক্রেশ্বরে একটি ৮০০ মেগাওয়াটের ইউনিট।

     হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে, যা ভারতের অন্যতম ব্যস্ত রেলওয়ে হাবকে আরও শক্তিশালী করে তুলবে।

     উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ‘স্টার্টআপ নীতি’ চালু করা হচ্ছে।

    সাঁকরাইলে ৭০০ কোটি টাকার ডেইরি প্রকল্পের সাফল্যের ওপর ভিত্তি করে আমুল (Amul)উত্তরবঙ্গে একটি বিশাল আইসক্রিম কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে, ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা’-র আওতায় ১০-১২টি বন্ধ চা-বাগান পুনরায় চালু হতে চলেছে, যা এই অঞ্চলের মানুষের জীবিকা পুনরুদ্ধারে সহায়তা করবে।

    সুন্দরবনকে বিশ্বমানের ইকো-ট্যুরিজম গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে; পাশাপাশি পুরুলিয়ায় ৪,৫০০ হেক্টর এলাকা জুড়ে একটি ‘কনজারভেশন রিজার্ভ’ এবং ঝাড়গ্রামে ১,০০০ একর জমিতে ‘টাইগার সাফারি’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

    শিক্ষা ও বিদ্যুৎ থেকে শুরু করে পরিকাঠামো, শিল্প, পর্যটন এবং কর্মসংস্থান—সর্বক্ষেত্রেই পশ্চিমবঙ্গ এক বলিষ্ঠ শাসনব্যবস্থা ও দৃশ্যমান সাফল্যের সাক্ষী হচ্ছে।'

    সঙ্গেই তিনি পোস্টের শেষে লিখেছেন- 'এটিই হল ‘ডাবল-ইঞ্জিন’ সরকারের শক্তি—যা দ্রুতগতিতে এগিয়ে চলে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ সম্পন্ন করে এবং মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনে।' 

     
  • Link to this news (আজকাল)