• প্রশাসনিক কাজে দ্রুত গতি আনতে ৯৯জনের বদলি?
    আজকাল | ২৮ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: গ্রামীণ প্রশাসনের কাজে গতি আনতে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যের বিভিন্ন ব্লকে কর্মরত ৯৯ জন ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-কে একযোগে বদলির নির্দেশ জারি করা হয়েছে। মঙ্গলবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই রদবদলের কথা জানানো হয়েছে।

    বিধানসভা নির্বাচনের পর রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে একাধিক দফায় রদবদল হয়েছে। আইএএস, ডব্লিউবিসিএস এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে পরিবর্তনের পর এবার ব্লক প্রশাসনেও সেই প্রক্রিয়া পৌঁছল। প্রশাসনিক মহলের মতে, গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত স্তরের প্রশাসনিক কাজ আরও কার্যকর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

    নবান্ন সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে বহু গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক কাজ ব্যাহত হওয়ার অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা এবং আর্থিক অনুমোদনের মতো একাধিক কাজে জট তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে ব্লক প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

    সম্প্রতি বিধানসভায় পঞ্চায়েত আইন সংশোধনী বিল পাস হয়েছে। সংশোধিত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির একাধিক প্রশাসনিক এবং আর্থিক প্রক্রিয়ায় সরকারি আধিকারিকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই প্রেক্ষাপটে বিডিওদের ওপর দায়িত্বও বাড়বে বলে প্রশাসনিক সূত্রের অভিমত।

     
  • Link to this news (আজকাল)