দরিদ্রতম CM ছিলেন মমতা, এবারে শুভেন্দু কত নম্বরে? গরিব মুখ্যমন্ত্রীদের তালিকায় বাংলার 'দাপট'
আজ তক | ২৮ জুলাই ২০২৬
২০২৫ সালে দেশের সব থেকে গরিব মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পদের পরিমাণ সেইসময় ছিল ১৫.৩৮ লক্ষ টাকা। যার পুরোটাই নগদ, জমার মতো অস্থাবর সম্পত্তি। জমি, বাড়ির মতো স্থাবর সম্পত্তি তাঁর নেই। বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী বরাবরই সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। বেতন নেন না। সাংসদ পদের জন্য প্রাপ্ত পেনশনও নেন না। নিজের বই বিক্রি এবং গানের রয়্যালটি বিক্রিই তাঁর রোজগারের উৎস। ২০২৬ সালে বাংলার মসনদের বদল ঘটেছে। তৃণমূলের রাজ্যপাট গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে বাংলার নতুন মুখ্যমন্ত্রীও সম্পত্তির দিক থেকে দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের তুলনায় অনেকটাই পিছিয়ে। নির্বাচন পর্যবেক্ষক সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (ADR)-এর রিপোর্ট অনুযায়ী দেশের দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী।
ADR-এর রিপোর্ট যা বলছে
সম্প্রতি মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসাব প্রকাশ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। সেই তালিকায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। দেশের সবচেয়ে কম সম্পত্তির মুখ্যমন্ত্রীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এডিআরের প্রকাশ করা তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে কম সম্পত্তির মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার ৪৩০ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপোর্ট অনুযায়ী, তাঁর অস্থাবর সম্পত্তি ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা এবং স্থাবর সম্পত্তি ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ৬৬৬ টাকা।
কত সম্পত্তির মালিক শুভেন্দু অধিকারী?
শুভেন্দুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী শুভেন্দু অধিকারীর কোনও ব্যাঙ্ক ঋণ বা সরকারি বকেয়া নেই। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে ঋণমুক্ত। এমনকি তাঁর নামে কোনও গাড়িরও উল্লেখ নই। নেই কোনও গয়নার সম্পদ।
দেশের ধনীতম মুখ্যমন্ত্রী কে?
দেশের সবচেয়ে বেশি সম্পত্তির মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথমে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার। এডিআরের তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৩১ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৪৮ কোটি টাকা। এছাড়া অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু-র মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। ধনী মুখ্যমন্ত্রীদের তালিকাতেও তাঁর নামও রয়েছে। মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা ও ঘোষিত সম্পত্তির তথ্যের ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করেছে এডিআর। সেই হিসাবেই দেশের সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি সম্পত্তির মুখ্যমন্ত্রীদের তালিকা প্রকাশ্যে এসেছে।