• দক্ষিণবঙ্গে হাওয়া বদল! তবু জারি হলুদ সতর্কতা, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
    প্রতিদিন | ২৮ জুলাই ২০২৬
  • অবিরাম বর্ষণের সাময়িক ছেদ! দক্ষিণবঙ্গে হাওয়া বদলের খবর শোনালেন আবহবিদরা। আবহাওয়ার সামান্য উন্নতির সম্ভাবনা। দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমবে এবং তা বাড়বে উত্তরবঙ্গে। তাই দক্ষিণবঙ্গ থেকে আপাতত কমলা সতর্কতা সরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। আগামিকাল, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে পূর্বাভাস।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিঘা থেকে হলদিয়ার মাঝে মঙ্গলবার সকালেই গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে হাওয়ার গতিবেগ থাকবে ৫৫ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক দিয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে সরে যাবে এবং ক্রমশ দুর্বল হবে। হাওয়া অফিসের পূর্বাভাস, এর জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে চলেছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং-সহ পার্বত্য পাঁচ জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি। শুক্রবার থেকে রবিবার অর্থাৎ সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়তে পারে।

    নিম্নচাপের প্রভাবে সমুদ্র এবং সমুদ্র সংলগ্ন উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এসব এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের আজ, মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। আগামিকাল, বুধবার থেকে রবিবার পর্যন্ত আপাতত ঝড়বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।

    অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বুধবার থেকে রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। জলীয় বাষ্প থাকায় বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৬.৮ মিলিমিটার।
  • Link to this news (প্রতিদিন)