: খালি পায়ে বাগদা থেকে উজ্জয়নী যাত্রা, শিবভক্ত যুবককে শুভেচ্ছায় ভাসাল গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বৈকোলা এলাকার বাসিন্দা রাম বিশ্বাস। পেশায় রাজমিস্ত্রি হলেও তাঁর পরিচয় এখন একনিষ্ঠ শিবভক্ত হিসেবে। মহাদেবের প্রতি অগাধ ভক্তি থেকেই তিনি খালি পায়ে হেঁটে মধ্যপ্রদেশের উজ্জয়নীর উদ্দেশে দীর্ঘ পদযাত্রা শুরু করেন।
রাম বিশ্বাসের পরিবারে রয়েছেন তাঁর মা ও দাদা। বাবা বেঁচে নেই। দাদা দিনমজুরের কাজ করেন। এর আগে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে পুনে থেকে কেদারনাথ দর্শনে গিয়েছিলেন তিনি বলেও জানান। সেই অভিজ্ঞতার পর এবার আরও কঠিন এই যাত্রার সিদ্ধান্ত নেন। এদিন তাঁর যাত্রা শুরুর সময় গোটা গ্রাম-সহ আশপাশের এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানান। কেউ ফুল দিয়ে, কেউ প্রণাম করে, আবার কেউ আর্থিক সাহায্য ও খাবার তুলে দিয়ে তাঁর এই কঠিন পথচলায় পাশে দাঁড়ান।
অনেকেই জানান, নিজেরা উজ্জয়নী যেতে না পারলেও, গ্রামের ছেলে রাম বিশ্বাসের মাধ্যমে মহাদেবের কাছে নিজেদের মনের ইচ্ছা ও প্রার্থনা পৌঁছে দিতে চান। রাম বিশ্বাস জানান, দীর্ঘ এই পদযাত্রায় তিনি পথে বিভিন্ন পেট্রোল পাম্প, থানা বা নিরাপদ স্থানে রাতে বিশ্রাম নেবেন। ধাপে ধাপে পথ অতিক্রম করে উজ্জয়নী পৌঁছনই তাঁর লক্ষ্য। এক সাধারণ রাজমিস্ত্রির এই অসাধারণ ধর্মীয় সংকল্প ইতিমধ্যেই বাগদা এলাকায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁর নিরাপদ ও সফল যাত্রার জন্য প্রার্থনা করছেন এলাকার বাসিন্দারা। তিন মাসের মধ্যে তার এই লক্ষ্য পূরণের ইচ্ছা রয়েছে।
গ্রামের স্থানীয় মানুষজন জানান, “দীর্ঘ দুর্গম এই পথ পাড়ি দিয়ে আমাদের গ্রামের ছেলে দেবাদিদেবের কাছে পৌঁছবে। তার এমন কঠোর সিদ্ধান্তকে কুর্নিশ জানাতেই হয়। ওঁর সঙ্গে আমাদের গ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষার কথাও পৌঁছে যাবে ভগবানের কাছে। সুস্থভাবে লক্ষ্য পূরণ করে ফিরে আসুক আমাদের এলাকার ছেলে রাম এটাই চাই।”