• নিথর হয়েছে ৪ ফুটফুটে শিশু! মুর্শিদাবাদের অভিশপ্ত রেল গেট বন্ধ করতে এবার রাজ্যকে চিঠি রেলের
    News18 বাংলা | ২৮ জুলাই ২০২৬
  • মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ’র সেই অভিশপ্ত রেল গেট বন্ধ করতে এবার রাজ্যকে চিঠি দিল রেলের। সূত্রের খবর, ২৪/এ/২ রেল গেট বন্ধ করে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করবে রেল। পাশাপাশি আরও তিনটি রেল গেট বন্ধ করে লিমিটেড হাইট সাবওয়ে করার অনুমতি পেয়েছিল রেল।

    কিন্তু সূত্রের খবর, স্থানীয়দের চাপের মুখে নাকি সেই কাজ করতে পারা যায়নি। তিন রেল গেট (২৪/এ/৯, ২৪/এ/৫,২৪/এ/৪) বন্ধ করে এবার লিমিটেড হাইট সাবওয়ের কাজ দ্রুত শুরু করতে চায় রেল। এই সব সাবওয়ে তিন মিটার উচ্চতার ও ছয় মিটার চওড়া হবে।

    মুর্শিদাবাদের কর্নসুবর্নের ওই রেলে গেটেই গত ১৭ জুলাই ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা৷ শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ খাগড়াঘাট ও কর্ণসুবর্ণ স্টেশনের মাঝে গোবিন্দপুর রেলগেটে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারে পড়ুয়া ভর্তি একটি পুলকারকে। ভয়াবহ সেই রেল দুর্ঘটনায় নিহত হয় পাঁচজন। তাঁদের মধ্যে চারজনই শিশু। আহত হয় আরও পাঁচজন। এদিন সকালে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে মুর্শিদাবাদে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনার দিন রেলের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছিল।

    রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার গোবিন্দপুর গ্রামে সেই ক্ষতিপূরণের চেক পরিবারের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার রাজ্যের গনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। ভবিষ্যতে এই দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তারজন্য দুর্ঘটনাগ্রস্থ ২৪এ/২ নম্বর রেলগেট তুলে দিয়ে ওখানে সাবওয়ে তৈরির প্রস্তাব রাজ্যকে পাঠনো হচ্ছে বলে জানান এক আধিকারিক।
  • Link to this news (News18 বাংলা)