লোকসভায় NEET-UG প্রশ্নফাঁস এবং ছাত্র আন্দোলন নিয়ে আলোচনার সময়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ছাত্র বিক্ষোভ দমনে AK-47 এবং পেলেট গান ব্যবহারের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, ‘ওরা কি জঙ্গি? ছাত্রদের সঙ্গে এমন আচরণ কেন?’ দেশের তরুণ সমাজ ও ছাত্র আন্দোলনকারীদের উপর পুলিশের বলপ্রয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় জানান, কেন্দ্রীয় সরকারকে অবশ্যই তরুণদের কাছে জবাবদিহি করতে হবে।
সংসদের বাদল অধিবেশনের সপ্তম দিনে লোকসভায় বক্তব্য রাখার সময়ে প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, ‘সরকার দেশের তরুণ সমাজকে এত ভয় পাচ্ছে কেন?’ কংগ্রেস সাংসদের কথায়, দেশের তরুণ-তরুণীরা শান্তিপূর্ণ ভাবে নিজেদের ভবিষ্যৎ ও পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে আন্দোলন করছিলেন। তাঁদের দমাতে পুলিশ AK 47 ও পেলেট গান ব্যবহার করা হয়েছে বলে আবারও অভিযোগ তোলেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘AK-47, পেলেট গান! ওরা কি সন্ত্রাসবাদী? তারা তো দেশের ছাত্র।’
লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ কেন্দ্রের কাছে জানতে চান, ছাত্রদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের অনুমোদন কে দিয়েছিল। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে নেত্রী প্রশ্ন করেন, ‘পুরো দেশ আজ জানতে চাইছে— ২০ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন, পেলেট গান এবং একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী? দেশের যুবসমাজের উপর পেলেট গান চালানোর কী প্রয়োজন ছিল? আন্দোলনে আসা তরুণীদের অপমান করা, তাঁদের পোশাক ছিঁড়ে ফেলা এবং এমন নৃশংস ও অমানবিক আচরণ করার কী প্রয়োজন ছিল?’
এখানেই শেষ নয়, আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা উত্তর চাই। কে উত্তর দেবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি উত্তর দেবেন? আদেশটি কে দিয়েছিল? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি জিজ্ঞাসা করছি: ওই আদেশটি কে দিয়েছিলেন? প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী?’ এরই পাশাপাশি নেত্রীর অভিযোগ, বিহার ও পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে এখনও FIR দায়ের করা হচ্ছে।
প্রিয়াঙ্কার দাবি, গত দশকে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ কোনও প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়াকে শাস্তি দেওয়া হয়নি। একইসঙ্গে তিনি জোরালো গলায় দাবি করেন, সরকারের উচিত ছিল ছাত্রদের সঙ্গে আলোচনায় বসা, তাদের দাবি শোনা এবং পরীক্ষা ব্যবস্থার ত্রুটি দূর করা, কিন্তু তার পরিবর্তে দমনমূলক পদক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।
কংগ্রেস সাংসদের মতে, NEET প্রশ্নফাঁস কেবল একটি পরীক্ষার সমস্যা নয়, এটি দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই সরকারকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের জবাব দিতে হবে এবং পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া লোকসভায় আলোচনার মাঝে ধর্ষণ মামলায় দোষীদের মুক্তি নিয়ে বর্তমান শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর মন্তব্যের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা। এর তীব্র প্রতিবাদে সরব হন NDA-র সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই মন্তব্যকে অনুপযুক্ত ও মানহানিকর আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ করেন এবং সংসদীয় নথি থেকে তা মুছে ফেলার দাবি জানান। পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি।
অন্য দিকে, দিল্লি পুলিশ এর আগে দাবি করেছিল যে তাদের বাহিনীর কাছে পেলেট গান নেই এবং ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন। তবে এই অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছে। তবে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে দিন সংসদ অভিযান হয়েছিল, সেই ২০ জুলাই রাত দেড়টা নাগাদ থানায় জিডি জমা পড়ে। সেই জিডিতে উল্লেখ করা হয়েছিল, আন্দোলনে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিসিপি পদমর্যাদার এক অফিসারের নির্দেশে র্যাফের এক ডেপুটি কমান্ড্যান্ট মোট ৫৫ রাউন্ড নন-ইলেকট্রিক্যাল শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, ৫টি টিয়ার গ্যাসের সেল এবং প্লাস্টিক পেলেট ভর্তি ২টি অ্যান্টি-রায়ট গান থেকে গুলি চালিয়েছিলেন।