Big Breaking: এই বছর পুজোর মাসে আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা? ভবানীভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে এমনই আশা দেখছেন রাজ্য সরকারি কর্মীরা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি অর্থসচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি। পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও ২০ শতাংশ অ্যাডিশনাল দিতে।’
এখন একজন রাজ্য সরকারী কর্মী কোনও মাসের বেতন সেই মাসের শেষ ওয়ার্কিং ডে-তে পান। মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে পুজোর মাসে অর্ধেক মাস হতেই হাতে বেতন পাবেন কর্মীরা। আর রাজ্য বাজেটে ২০ শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করা হয়েছিল। সেই ডিএ অক্টোবর থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছিল বাজেটে।
এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আইপিএস স্তরের নীচে যাঁরা আছেন, তাঁদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ ডিএ পার্থক্য ছিল। এক দিনে পারব না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন।’
পুলিশ কর্মচারীরাও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনেক রাজ্যে বেতন কাঠামো বেড়ে গেলেও, এ রাজ্যে সরকারি কর্মীদের বেতন কাঠামো বাড়ানো হয়নি বলে মন্তব্য করেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা সপ্তম পে কমিশন পাননি। আমরা সপ্তম পে কমিশন তৈরি করেছি, কয়েকমাসের মধ্যে রিপোর্ট এসে গেলে আমরা কার্যকর করে দেব।’