রাজ্যের স্বাস্থ্যকাঠামোয় বড়সড় পরিবর্তনের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন থেকে তিনি বলেন, ‘আমরা এমন পরিকাঠামো তৈরি করব, চিকিৎসকরা নিজেরাই কাজে উৎসাহিত হবেন।’ একই সঙ্গে SSKM-এ বেড বৃদ্ধি এবং MBBS-এ আসন সংখ্যা বৃদ্ধির কথাও জানান তিনি।
এ দিন নবান্নে নিট পরীক্ষায় পশ্চিমবঙ্গের প্রথম ১০০ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের হাতে উপহার এবং শংসাপত্র তুলে দিয়ে তিনি বলেন, ‘নিট জাতীয় স্তরের অত্যন্ত কঠিন একটা পরীক্ষা। সেখানে আপনারা সফল হয়েছেন। আপনাদের সাফল্যে গোটা পশ্চিমবঙ্গ গর্বিত।’ ভবিষ্যতে চিকিৎসক হওয়ার পরে তাঁরা যাতে গ্রামে গিয়ে চিকিৎসা করেন, সেই পরামর্শও দেন তিনি।
রাজ্যে আয়ুষ্মান ভারত ও জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এমবিবিএস-এ আসন বাড়িয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি ধীরে ধীরে পূরণ করা হবে। তিনি বলেন, ‘রাজ্যে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের যে অপ্রতুলতা রয়েছে, তা মেটানোর চেষ্টা করছি আমরা।’
সম্প্রতি বাজেটে ঘোষিত কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গে এইমস তৈরির পরিকল্পনার কথাও এ দিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। নিজের ভাষণে ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে রাজ্য পরিচালিত হাসপাতাল— সর্বত্র চিকিৎসকদের জন্য উন্নত কর্মপরিবেশ তৈরির আশ্বাসও দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘চিকিৎসকরা সুস্থ পরিবেশে কাজ করবেন। চিকিৎসা দানে উৎসাহ পাবেন।’ সেই সূত্রেই তাঁর মন্তব্য, ‘SSKM-এ আরও বেড বাড়ানো হবে।’
বেসরকারি স্বাস্থ্য পরিষেবা খাতকেও উৎসাহিত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘নিউ টাউনে আন্তর্জাতিক মানের ২,০০০ শয্যার একটি হাসপাতাল গড়তে আদানি গোষ্ঠী জমি নিয়েছে। এর মধ্যে ১,০০০টি শয্যা আর্থিক ভাবে দুর্বল মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে।’
১. কোথায় নিটের কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়?
নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নিটের প্রথম ১০০ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়।
২. মুখ্যমন্ত্রী স্বাস্থ্যখাত নিয়ে কী কী ঘোষণা করেছেন?
SSKM-এ বেড বৃদ্ধি, MBBS-এ আসন বাড়ানো, চিকিৎসকদের জন্য উন্নত কর্মপরিবেশ তৈরি এবং নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের কথা জানান।
৩. কোন কোন জেলায় নতুন মেডিক্যাল কলেজ হবে?
কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনার কথা জানানো হয়েছে।
৪. উত্তরবঙ্গে কী নতুন প্রকল্পের কথা বলা হয়েছে?
উত্তরবঙ্গে একটি এইমস (AIIMS) প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
৫. চিকিৎসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা কী ছিল?
সরকার এমন পরিকাঠামো গড়ে তুলবে, যাতে চিকিৎসকেরা উৎসাহ নিয়ে কাজ করতে পারেন। একই সঙ্গে সফল পড়ুয়াদের গ্রামে গিয়ে মানুষের চিকিৎসা করারও আহ্বান জানান তিনি।
৬. বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে কী ঘোষণা করা হয়েছে?
নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে ২,০০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ার কথা বলা হয়েছে। এর মধ্যে ১,০০০টি শয্যা আর্থিক দিক থেকে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে বলে জানানো হয়েছে।