• উত্তরবঙ্গে গড়ে উঠবে এই শিল্প, ঘোষণা অর্থমন্ত্রীর!
    আজকাল | ২৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে প্রথমবার বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দু'দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে পর্যটন, শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রের লগ্নিকারীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষও।

    বৈঠকে উত্তরবঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের একাধিক সমস্যার কথা তুলে ধরেন শিল্পপতি ও লগ্নিকারীরা। তাঁদের বক্তব্য, অতীতে বিভিন্ন বিজনেস সামিটে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা হলেও বাস্তবে তার অল্প অংশই কার্যকর হয়েছে। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে শিল্পমহল এবার স্থিতিশীল ও স্বচ্ছ বিনিয়োগ পরিবেশের দাবি জানায়।

    এর জবাবে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে না ভেবে ভবিষ্যতের দিকে এগোতেই রাজ্য সরকার বদ্ধপরিকর। তাঁর কথায়, উত্তরবঙ্গ রাজ্যের অর্থনৈতিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে। এতদিন উত্তরবঙ্গকে মূলত চা, কাঠ ও পর্যটনের জন্য চিহ্নিত করা হলেও এবার প্রযুক্তিনির্ভর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেমিকন্ডাক্টর এবং আধুনিক উৎপাদন শিল্পে বিনিয়োগ আনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

    তিনি আরও জানান, দক্ষিণবঙ্গে জমির সীমাবদ্ধতা থাকলেও উত্তরবঙ্গে সেই সমস্যা তুলনামূলকভাবে কম। উপযুক্ত পরিকাঠামো, শিল্পবান্ধব নীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলে উত্তরবঙ্গকে বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তাঁর দাবি, উত্তরবঙ্গকে আর শুধু "চিকেনস নেক" হিসেবে নয়, বরং "গেটওয়ে টু বেঙ্গল" হিসেবেও প্রতিষ্ঠিত করা হবে।

    চা শিল্প প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, চা শিল্প বর্তমানে বড় সংকটের মুখে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বন্ধ চা-বাগানের শ্রমিকদের আর্থিক সুরক্ষায় ইতিমধ্যেই একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চায়ের বাজার, গুরুত্ব ও স্থায়িত্ব কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে চা শিল্পের সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নতুন কৌশল গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
  • Link to this news (আজকাল)