আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের রাস্তা সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশাসনের শীর্ষস্তরে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নের সভাঘরে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত ক্ষতিগ্রস্ত ও চলাচলের অযোগ্য রাস্তার সংস্কারের কাজ শেষ করতে হবে।
নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাই কলকাতা-সহ সমস্ত জেলা, মহকুমা ও গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে প্রতিটি দপ্তরকে পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা পূর্ত দফতর (PWD),পৌর ও নগরোন্নয়ন দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে বিশেষভাবে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষা-পরবর্তী সময়ে জাতীয় সড়ক, রাজ্য সড়ক, জেলা ও গ্রামীণ সড়কগুলির মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও বৈঠকে উঠে আসে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভবানীভবনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই পুলিশকর্মীদের জন্য ঘোষণা করেন 'পুজোর উপহার'। একইসঙ্গে তাদের ভূয়সী প্রশংসাও করেন। একইসঙ্গে ভবানী ভবনে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে চারটি আলাদা আলাদা টোল-ফ্রি / হেল্পলাইন নম্বরের উদ্ধোধন করেন তিনি। নম্বরগুলি হল——কাটমানি—১৫৫৩৩৪সিন্ডিকেট ক্রাইম —১৫৫৩৩৫বেআইনি রোড ট্যাক্স/টোল আদায়—১৫৫৩৩৭বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ —১৫৫৩৩৯।