স্বাধীনতা দিবসে স্কুলগুলির জন্য বড় ঘোষণা শুভেন্দুর!
আজকাল | ২৯ জুলাই ২০২৬
দীক্ষা ভুঁইয়া: বিগত বছর থেকে শিক্ষা নিয়ে এ বার রাজ্য সরকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের মার্চ পাস্ট বন্ধের সিদ্ধান্ত নিল। প্রশাসনিক সূত্রের খবর, এই রূপরেখা বদল করে কলেজের ছাত্রছাত্রীদের মার্চপাস্টে অংশগ্রহণের কথা বলা হয়েছে।
মঙ্গলবার নবান্ন সভাঘরে সব দপ্তরের সচিব এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি নির্দেশ দেন, এ বছর ১৫ অগস্টের সরকারি অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের দিয়ে আর মার্চপাস্ট করানো হবে না। পরিবর্তে কলেজের ছাত্রছাত্রীদের এই দায়িত্ব দেওয়া হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দপ্তরকে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে, তবে তাদের মার্চপাস্ট বা অন্য কোনও আনুষ্ঠানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করানো হবে না। পাশাপাশি, স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান এক ঘণ্টার মধ্যে শেষ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক সূত্রের খবর, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষাকালে দীর্ঘক্ষণ খোলা আকাশের নীচে অনুষ্ঠান চললে বৃষ্টিতে ভিজে স্কুল পড়ুয়াদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে বলে বৈঠকে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।বিগত বছরে গরমের জেরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মার্চ পাস্ট করতে গিয়ে বেশ কিছু স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিলেন। আর সেখান থেকে শিক্ষা নিয়েই এ বার নতুন সরকারের নতুন সিদ্ধান্ত।