• SIT-তে বড় বার্তা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের!
    আজকাল | ২৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প—এই তিন ক্ষেত্রেই উত্তরবঙ্গের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ও শিল্পের সমন্বয়ের উপর জোর দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

    মঙ্গলবার শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (SIT)-র এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "শিক্ষাই প্রকৃত উন্নয়নের একমাত্র পথ।" দক্ষ মানবসম্পদ গড়ে তুলে শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগ স্থাপন করাই আগামী দিনে অগ্রগতির মূল চাবিকাঠি বলেও তিনি উল্লেখ করেন।

    এ দিন অনুষ্ঠানে SIT-এর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্বের বিষয়টি উল্লেখ করেন তিনি। উচ্চশিক্ষা ও গবেষণার পরিকাঠামো মজবুত করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দক্ষতা উন্নয়ন ও শিল্প-সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন অর্থমন্ত্রী।

    এসআইটি-র অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের অধ্যাপক ডঃ সিদ্ধার্থ দাস এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কলকাতা এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার আচার্য সত্যম রায়চৌধুরী।

    মঙ্গলবার SIT-এর মঞ্চ থেকে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিল্পের সমন্বয়ের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়ন সংক্রান্ত নানা বার্তা উঠে এসেছে। যা আগামী দিনে উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ দিশা দেখাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
  • Link to this news (আজকাল)