• ফিরতে চলেছে 'মর্নিং স্কুল'? বড় ইঙ্গিত দীপক বর্মনের
    আজকাল | ২৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ জনগণনার কাজের চাপ সামাল দিতে রাজ্যে ফের চালু হতে পারে ‘মর্নিং স্কুল’। জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন।

    দেশজুড়ে শুরু হয়েছে জনগণনা বা সেন্সাস-এর কাজ। এই কাজেই রাজ্যের স্কুলের বহু শিক্ষক-শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে জনগণনা ও স্কুল-দু’টিই কীভাবে নির্বিঘ্নে চালানো সম্ভব, তা নিয়ে প্রশ্ন শিক্ষকমহলে। সে বিষয়ে শিক্ষামন্ত্রী এ দিন আরও জানান, জনগণনা একটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু স্কুল পড়ুয়াদের পড়াশোনাকেও অবহেলা করা হবে না। তাই দুই দিকের মধ্যে কীভাবে সামঞ্জস্য রাখা যায়, সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। 

    তিনি জানান, জনগণনার কাজে শিক্ষক-শিক্ষিকাদের যুক্ত থাকতে হবে। তাই পড়াশোনায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই শিক্ষকদের একাংশ সকালের স্কুল চালুর প্রস্তাব দিয়েছেন। সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।

    মন্ত্রী বলেন, সকালে ক্লাস শেষ হলে দিনের বাকি সময়ে শিক্ষকরা জনগণনার কাজ করতে পারবেন। এতে পাঠদান এবং সরকারি দায়িত্ব দুইয়ের মধ্যে সমন্বয় করা সহজ হবে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

    পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, "রাজ্যে শিক্ষক  সঙ্কট দূর করতে এখন থেকে প্রতি বছর নিয়মিত শিক্ষক নিয়োগ করা হবে।" তাঁর কথায়, "যেমন প্রতি বছর দুর্গাপুজো হয়, তেমনই প্রতি বছর শিক্ষক নিয়োগও হবে।"

    মাধ্যমিক পরীক্ষা নিয়েও বড় বার্তা দেন মন্ত্রী। তিনি জানান, এবার থেকে ছাত্রছাত্রীদের উপস্থিতি 'ফেস বায়োমেট্রিক' পদ্ধতিতে নথিভুক্ত করা হবে। নির্ধারিত উপস্থিতির হার পূরণ না হলে কোনও পড়ুয়াকে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি। জলপাইগুড়িতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের জেলা সম্মেলনে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রীর এই মন্তব্য ঘিরে শিক্ষা মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

     
  • Link to this news (আজকাল)