বিশ্ব হেপাটাইটিস দিবসে বড় ঘোষণা, রাজ্যে চালু আরও ১২টি নতুন ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র
News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
বিশ্ব হেপাটাইটিস দিবসে বড় উদ্যোগ, রাজ্যে চালু হল আরও অতিরিক্ত ১২টি নতুন ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র। হেপাটাইটিস আর আতঙ্ক নয়, রোগ নির্ণয় থেকে উন্নত চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করতেই এমন বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য ভবনে আয়োজিত এক বিশেষ সেমিনারে রাজ্যজুড়ে ১২টি নতুন ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়। এর ফলে রাজ্যে মোট ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, জনস্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। সরকারি ও বেসরকারি হাসপাতালের সমন্বয়ে উন্নত চিকিৎসা পরিষেবা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে স্বাস্থ্য দফতর।
সেমিনারে হেপাটাইটিস রোগের দ্রুত শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতে একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়। স্বাস্থ্য দফতরের মতে, এই এসওপি চালু হলে রোগ নির্ণয়, চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনায় ধারাবাহিকতা আসবে এবং পরিষেবার মান আরও উন্নত হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে ডায়াবেটিস ও ফ্যাটি লিভার-জনিত জটিল চিকিৎসার ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে হেপাটাইটিসের চিকিৎসাকে আরও আধুনিক, সহজলভ্য ও সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও উন্নত লিভার চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে তিনি জানান। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো পরীক্ষা, সঠিক চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভাইরাল হেপাটাইটিসের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেই লক্ষ্যেই রাজ্যের এই নতুন উদ্যোগ জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।